মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতের পরিবার ২০ লাখ ও আহতের ৫ লাখ টাকা করে পাচ্ছেন

অনুদানের অর্থ অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা

Printed Edition

বিশেষ সংবাদদাতা

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আহত ও নিহতদের পরিবারকে আর্থিক অনুদান অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গত সোমবার এ অনুদান অনুমোদন করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার পাবেন ২০ লাখ টাকা এবং আহতের পরিবারকে দেয়া হবে পাঁচ লাখ টাকা। এ জন্য সরকারের খরচ হবে ১০ কোটি ২০ লাখ টাকা। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ বিভাগ সূত্র জানায়, গত বছর ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকস্মিকভাবে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ মর্মান্তিক ঘটনায় সেই শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, একজন আয়া ও তিনজন অভিভাবকসহ মোট ৩৫ জন মৃত্যুবরণ করেন এবং আহত ও মুমূর্ষু অবস্থায় ৫৮ জনের বেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

আহত ও নিহতদের তালিকায় মোট ৬৪ জন আহত ও ৩৫ জন নিহতের নাম উল্লেখ রয়েছে বলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ জানিয়েছে।

জানা গেছে, বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, অর্থ সহায়তা ও চিকিৎসা প্রদান বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে গত ২ ডিসেম্বর একটি সভা অনুষ্ঠিত হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি বাজেট হতে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ প্রদান করা হয় না। তথাপি, বিমান দুর্ঘটনায় আহত ও নিহত কোমল হৃদয়ের ছাত্র- ছাত্রী ও তাদের পরিবারের মানবেতর জীবনযাপন সংক্রান্ত মাইলস্টোন কলেজের অধ্যক্ষের পত্রের পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টাসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এককালীন সরকারি বিশেষ অনুদান বিবেচনা করা হয়। এ খাতে কোনো বরাদ্দ না থাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবালয় এর ‘৩২৫৭১০৩-গবেষণা খাতে বরাদ্দকৃত ২৭.৩০ কোটি টাকা হতে ২.২০ কোটি (দুই কোটি বিশ লাখ) টাকা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অধীন ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ’ এর ‘৩৯১১১১১-সাধারণ থোক বরাদ্দ খাতে বরাদ্দকৃত ১৫০.০০ কোটি টাকা হতে ৮.০০ (আট) কোটি টাকাসহ মোট ১০.২০ কোটি (দশ কোটি বিশ লাখ) টাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবালয়ে ‘বিশেষ অনুদান’ কোড অন্তর্ভুক্ত করে উক্ত কোডে পুনঃউপযোজন করা যায় বলে অর্থ বিভাগ মতামত দেয়। বলা হয়, এ কোড হতে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মর্মান্তিকভাবে আহত ও নিহতদের পরিবারগুলোকে এককালীন আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সব আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে; আহত ও নিহতদের পরিবারের সঠিকতা যাচাইপূর্বক পরিবারের ব্যাংক হিসাবে আর্থিক সহায়তা প্রদান করতে হবে এবং অব্যয়িত অর্থ আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।