নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আসছেন ১২ জানুয়ারি
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে আগামী ১২ জানুয়ারি ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকা আসছেন। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের পর তিনি আনুষ্ঠানিভাবে রাষ্ট্রদূতের দায়িত্ব নেবেন। ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
গতকাল মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক এবং রাষ্ট্রাচার প্রধান নুরল ইসলামের সাথে সাক্ষাৎ করে ব্রেন্ট ক্রিস্টেনসেনের ঢাকা আসার বিষয়টি অবহিত করেছে। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা দেখভালের দায়িত্বে থাকেন রাষ্ট্রাচার প্রধান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সেপ্টেম্বরে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। সিনেট শুনানির পর অনুমোদন পাওয়ায় গত মাসে তার নিয়োগ চূড়ান্ত হয়।
সিনেটের কমিটি অন ফরেন রিলেশন্সের শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছিলেন, আমি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং এরপর গণতান্ত্রিকভাবে নির্বাচিত উত্তরসূরি উভয়ের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে ঢাকা দূতাবাসের টিমকে নেতৃত্ব দেয়ার প্রত্যাশায় রয়েছি। নতুন এশিয়ান টাইগারদের মধ্যে একটি হিসেবে পরিচিত বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি করেছে। প্রচণ্ড চ্যালেঞ্জ কাটিয়ে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের দ্বারপ্রান্তে রয়েছে। বাংলাদেশের জনগণের এই অধ্যবসয়ের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানাতে হয়।
তিনি বলেন, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিশ্চিত হলে আমি যুক্তরাষ্ট্রের ব্যবসার সুযোগ বাড়াতে, বাণিজ্য বাধা ও বাণিজ্য ঘাটতি কমাতে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করব।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এখন ঢাকা মিশনে তিনি পিটার হাসের উত্তরসূরি হবেন। পিটার হাস ঢাকায় যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে তিনি অবসরে যান। অন্তর্বর্তী সময়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্রেসি অ্যান জ্যাকবসন।