রশিদের ৭০০ উইকেট

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

রশিদ খান স্পেশালিটি হলো পেস বোলারদের মতো গতির পাশাপাশি কুইক টার্ন, গুগলি। যা ব্যাটারদের বোকা বানাতে যথেষ্ট। ব্যাটাররা বুঝে উঠতে পারেন না রশিদের ঘূর্ণি কিভাবে মোকাবেলা করবেন। এই তারকা ঘূর্ণিবাজ গতকাল স্বীকৃত টি-২০তে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন।

চলমান টি-২০ বিশ্বকাপ শুরুর আগে স্বীকৃত টি-২০তে রশিদের উইকেট ছিল ৬৯৬। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই উইকেট নিয়ে ৭০০ উইকেটের দরজায় কড়া নাড়তে থাকেন। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে রশিদকে সুইপ করতে গিয়ে ভারসাম্য হারিয়ে হিট উইকেট হন সংযুক্ত আরব আমিরাতের টেলএন্ডার ব্যাটার মোহাম্মদ আফরান। তাতেই স্বীকৃত টি-২০তে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের ক্লাবে নাম লিখান রশিদ।

উইকেট নেয়ার পাশাপাশি মিত্যবয়ী হিসেবেও রশিদ খানের জুড়ি মেলা ভার। ৫১৩ ইনিংসে ৬.৫৯ ইকোনমিতে নিয়েছেন ৭০০ উইকেট। স্বীকৃত টি-২০তে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দুইয়ে থাকা ডোয়াইন ব্রাভোও অনেক পিছিয়ে রশিদের চেয়ে। ব্রাভো ৬৩১ উইকেট নিয়েছেন ৮.২৬ ইকোনমিতে। স্বীকৃত টি-২০তে সর্বোচ্চ ৫০৭ উইকেট নিয়ে তালিকায় ছয়ে সাকিব আল হাসান। ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি সাকিবকে।