শবনমের প্রতীক্ষার অবসান হবে!
Printed Edition
বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তী নায়িকা শবনম দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় যাবত নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন না। তিনি যে অভিনয় আর করবেন না তাও বলেননি। বারবারই তিনি বলে এসেছেন ভালো গল্প পেলে, ভালো চরিত্র পেলে তবেই তিনি অভিনয় করবেন। তার দীর্ঘ প্রতীক্ষার অবসানও হচ্ছে না। তবে কী সত্যিই আর কোনোদিন নতুন কোনো সিনেমায় শবনমকে দেখা যাবে না? এই প্রশ্ন করা হলে শবনম বলেন, ‘আম্মাজান বাংলাদেশে আমার অভিনীত শেষ সিনেমা। এরপর আসলে বহু সিনেমাতে কাজ করার জন্য আমি প্রস্তাব পেয়েছি। কেউ কেউ আমাকে সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও করেছেন। কিন্তু শেষমেশ গল্প শুনে দেখি তা মৌলিক গল্প ছিল না। বেশ কিছু সিনেমার মিশেল ছিল সেসব সিনেমার গল্পে। যে কারণে চুক্তিবদ্ধ হয়েও আমি সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। এই দেশের মানুষ একজন নায়িকা হিসেবে আমাকে যে শ্রদ্ধা ভালোবাসা দেন, তা আমি আর অভিনয় না করলেও জানি সেই শ্রদ্ধা ভালোবাসা থাকবে। কিন্তু আম্মাজানের পর আসলে আমি এমন কোনো ভালো গল্প পাইনি যে গল্পে অভিনয় করে আম্মাজানকে ছাড়িয়ে যেতে পারব। সেজন্য আমি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করি এই সিনেমার পরিচালক কাজী হায়াৎ-এর প্রতি। তিনি আমাকে যে চরিত্র দিয়েছিলেন তাতে আমি উজাড় করে অভিনয় করেছি। এখনো আম্মাজানের জন্য যে সাড়া পাই তা সত্যিই বিস্ময়কর। দর্শকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। যদি আর কোনো দিন নতুন কোনো সিনেমাতে অভিনয় নাও করি আমার দুঃখ থাকবে না। আমি একজন নায়িকা হিসেবে, অভিনেত্রী হিসেবে যেসব সিনেমাতে অভিনয় করেছি তাতেই পরিপূর্ণ আমি। অবশ্যই অতৃপ্তি তো আছেই। তারপরও যা করেছি তাই আমার জন্য অনেক।’ বাংলাদেশের মেয়ে শবনম একসময় পাকিস্তানের বহু সিনেমায় কাজ করেছেন। পেয়েছেন সেই দেশের শ্রেষ্ঠ সম্মাননা ‘নিগার অ্যাওয়ার্ড’ ১০ বারেরও বেশি। তবে বাংলাদেশে তিনি জাতীয়ভাবে কোনো স্বীকৃতি পাননি। বাংলাদেশে তার সবচেয়ে আলোচিত সিনেমার মধ্যে রয়েছে নায়করাজ রাজ্জাকের সাথে ‘নাচের পুতুল’। এই সিনেমার ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ গানটি এখনো শ্রোতা দর্শকের মাঝে ভীষণ প্রিয়।