ইরানে বিক্ষোভে উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

Printed Edition

টাইমস অব ইসরাইল ও আল আরাবিয়া

ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের নেপথ্যে থাকা উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটির বিচার বিভাগ। রোববার বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেয়ি বলেন, যারা বিক্ষোভে ইন্ধন জুগিয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিচারে কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না।

ইরানের সরকারি বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, এজেয়ি জানিয়েছেন যে, দাঙ্গা, সন্ত্রাসবাদ এবং সহিংসতার মূল হোতাদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে দোষী সাব্যস্ত হলে উপযুক্ত সাজা দেয়া এখন জনগণের দাবি। বিক্ষোভ প্রশমিত করতে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়ার কয়েক দিন পর এই মন্তব্য করলেন বিচার বিভাগীয় প্রধান। তিনি তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যেন সর্বোচ্চ গুরুত্বের সাথে প্রতিটি ঘটনার তদন্ত করা হয় এবং অপরাধীদের চিহ্নিত করা হয়। বিচার বিভাগীয় প্রধান এজেয়ি বক্তব্যের শেষ পর্যায়ে জোর দিয়ে বলেছেন, যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, মানুষ হত্যা করেছে কিংবা অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে জনজীবন বিপন্ন করেছে, তাদের বিচার হবে আপসহীনভাবে।