ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেছে ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকালে ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা সংগঠনটির প্রেসিডেন্ট, আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কাজী তাসনিম জাহানের নেতৃত্বে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে যাত্রা করেন।

সংসদ ভবনে প্রবেশের পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শিক্ষার্থীদের সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরিয়ে দেখান। এ সময় তারা জাতীয় সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় রীতি ও কার্যপদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা দেন। পাশাপাশি সংসদ ভবনের স্থাপত্য, ইতিহাস ও জাতীয় সংসদ লাইব্রেরির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়েও আলোচনা করা হয়।

শিক্ষার্থীদের এই শিক্ষামূলক সফর সম্পর্কে ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (অ্যাক্টিং) ড. মাসুদুল হক চৌধুরী বলেন, শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী ও পেশাগত জ্ঞান অর্জনে এ ধরনের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ পরিদর্শনের মাধ্যমে আমাদের আইন বিভাগের শিক্ষার্থীরা দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় চর্চা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের যে সুযোগ পেয়েছে, তা তাদের ভবিষ্যতের দক্ষ ও আদর্শ আইনজ্ঞ হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী মহিবুল হক শাফি বলেন, আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য জাতীয় সংসদ পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক অভিজ্ঞতা। পাঠ্যবইয়ে সংসদীয় কার্যক্রম ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে যে বিষয়গুলো পড়ানো হয়, জাতীয় সংসদে এসে সেগুলো কাছ থেকে দেখার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জ্ঞান অর্জনের দারুণ সুযোগ পেয়েছে।

ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কাজী তাসনিম জাহান জানান, আইন শিক্ষার ক্ষেত্রে শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ বাংলাদেশের আইন প্রণয়ন ও সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। শিক্ষার্থীদের সংসদীয় রীতিনীতি সম্পর্কে বাস্তব ধারণা দেয়ার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে, যা তাদের সাংবিধানিক জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে।