ওমানের ওপর হামলা প্রাণহানি ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর উদ্বেগ
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ওমানের ওপর হামলা, প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওমানের নেতৃত্ব, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি তিনি সংহতি প্রকাশ করেছেন।
ওমানের সুলতান হাইথাম বিন তারিককে উদ্দেশ করে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই অভিমত ব্যক্ত করেন। গতকাল প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাইদির সাথে সাক্ষাৎ করে এ চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে প্রধানমন্ত্রী বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীর জন্য ওমান সরকারের অব্যাহত সমর্থন এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে নেয়া পদক্ষেপের প্রশংসা করেন। তিনি জানান, ওমান সরকার চাইলে বাংলাদেশ যেকোনো প্রযোজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা এবং এই অঞ্চলে শান্তি, সংলাপ ও কূটনীতি প্রসারে ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। আলোচনায় বাংলাদেশ ও ওমানের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি উঠে আসে। এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে বিভিন্ন উপসাগরীয় দেশ সফর করছেন। এর উদ্দেশ্য হলো সেখানকার নেতৃত্বের কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেয়া এবং এই অঞ্চলের সাথে বাংলাদেশের সম্পৃক্ততাকে আরো জোরদার করা।