বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি গিনেস বুকে

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

১৫ বছর ১০০ দিন বয়সে গার্টি নামে মুরগিটিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মুরগি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি আমেরিকার মেইন অঙ্গরাজ্যের এক বাসিন্দার পোষা মুরগি। ফ্র্যাঙ্ক টুরেক ২০১০ সালে সদ্য ফোটা গোল্ডেন সেব্রাইট জাতের গার্টিকে তার পোর্টল্যান্ডের বাড়িতে নিয়ে আসেন। তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘কয়েক মাস পর যখন তার পালক পুরোপুরি ফুটে ওঠে, তখন তা ছিল চোখ ধাঁধানো। আর ছবি তোলার জন্য সে-ই ছিল সবচেয়ে উপযুক্ত।’ তিনি বলেন, ছোট জাতের মুরগি হওয়া সত্ত্বেও গার্টি দ্রুতই দলের কর্তা হয়ে ওঠে।

তিনি বলেন, ‘প্রথম ঝাঁকটির পর, আমাদের এখানে চারবার নতুন মুরগির ছানা এসেছে। তাদের মধ্যে অনেকেই অনেক আগেই মারা গেছে এবং যারা বেশি আক্রমণাত্মক হওয়ায় মানিয়ে নিতে পারছিল না, তাদের দত্তক দিয়ে দেয়া হয়েছে আর এই সমস্ত পরিবর্তনের মধ্যেও গার্টিই ছিল দলের সম্ভাব্য নেতা।’

টুরেক বলেন, কয়েক বছর আগে গার্টির দৃষ্টিশক্তি কমতে শুরু করে এবং ছোট মুরগিদের সাথে সংঘর্ষ এড়াতে তিনি ২০২৪ সালে তাকে একটি আলাদা ইনডোর খাঁচায় সরিয়ে নেন। তিনি বলেন, সে তার নতুন একাকী ইনডোর জীবনে বেশ সন্তুষ্ট বলে মনে হচ্ছে এবং একই ঘরে মানুষের সঙ্গ ভালোবাসে। সে তার নামে মিষ্টি স্বরে ‘পাপ, পাপ, পাপ’ বলে সাড়া দেয় এবং আপনি যদি তার সাথে কথা বলেন বা গান শোনান, তবে সে ‘কথোপকথন’ করবে।