দেশের বাজারে সোনার গহনার দাম আবারো কমানো হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা।

সংস্থাটি জনিয়েছে, নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বুধবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয়েছিল ৫ হাজার ৪৮২ টাকা। ফলে দু’দিনে মোট কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা।

নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামেও সামান্য পরিবর্তন এসেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৯১ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৭৪১ টাকা।