শক্তির জানান দিলো মোহামেডান

Printed Edition
Sports-----2
ঘোড়ার গাড়িতে চড়ে দল বদলে যাচ্ছেন মোহামেডানের ফুটবলাররা : নয়া দিগন্ত

ক্রীড়া প্রতিবেদক

ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে লড়ছে দেশের দুই শীর্ষ এবং জনপ্রিয় কাব বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। এখনো তাদের এবারের দল বদলে অংশ নেয়া অনিশ্চিত। মোহামেডান স্পোর্টিং কাবের বিপক্ষেও ছিল এ নিষেধাজ্ঞা। কিন্তু তাই ইরানি ফুটবলারের দাবীকৃত টাকা পরিশোধ করেছে। ফলে সাদা-কালো শিবির এবার মুক্ত মনেই দল গড়তে পেরেছে। বর্তমান সরকারের বেশ কয়েকজন মন্ত্রী মোহামেডান কাবের সাথে সম্পৃক্ত। তা ছাড়া এবার দর্শকপ্রিয় এ কাবটি হাত ছোঁয়াতে চায় পেশাদার লিগের শিরোপায়া। যে শিরোপা তারা এখন পর্যন্ত তারা জিততে পেশাদার লিগে। বাংলাদেশ ফুটবল লিগে প্রথম ট্রফিতে হাত দেয়ার জন্যই এবার তারা ঘর ভেঙেছে বসুন্ধরা কিংসের। নিজেদের বেশ কিছু ফুটবলার ধরে রাখার সাথে বসুন্ধরা কিংসের ৮ ফুটবলারকে নিয়েছে। সাথে রহমতগঞ্জের ফুটবলারও নিয়েছে। এদের নিয়েই গতকাল প্রথম দল হিসেবে ফুটবলারদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। ঢাকঢোল পিটিয়ে এবং ঘোড়ার গাড়িতে চড়িয়ে কাব ভবন থেকে নিয়ে আসা হয় বাফুফে ভবনে।

এক গোলরক্ষক পজিশনেই মোহামেডানে চারজন। পুরনো সুজন হোসেনের সাথে আছেন উঠতি মাহিনও। যিনি অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য। এ ছাড়া বসুন্ধরা কিংসে আট বছর কাটিয়ে এ প্রথম সাদা-কালো শিবিরে আনিসুর রহমান জিকো। এ ছাড়া দুই মৌসুম আগে লিগের সেরা গোলরক্ষক হওয়া আহসান হাবিব বিপুও ফিরে এসেছেন এ দলে। এতেইতো বুঝা যাচ্ছে কতোটা শক্তিধর এবারের এ সাদা-কালো শিবির। মোহামেডান কাব সভাপতি বরকত উল্লাহ বুলু কাব ভবনে ফুটবলারদের পরিচিতি অনুষ্ঠানে জানান, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়েছি। ফুটবলের সব কার্যক্রমই ঠিকমতো সম্পন্ন করব আমরা।

মোহামেডানে যোগ দেয়া জাতীয় দলের গোলরক্ষক জিকো, জানান, আমি চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস থেকে এ প্রথম মোহামেডানে এসেছি। লক্ষ্য একটাই নতুন এ কাবকেও শিরোপা এনে দেয়া। সে সাথে জাতীয় দলে নিয়মিত খেলা।

সাইফ স্পোর্টিং কাব, ঢাকা আবাহনী এবং বসুন্ধরা কিংস হয়ে এবার মোহমেডানে এসেছেন স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাহিম। আবাহনীতে এক বছর এবং বসুন্ধরা কিংসে দুই বছর থাকা জাতীয় দলের এ ফুটবলার জানান, এবারের মোহামেডান কাব অনেক ব্যালেন্সড। তাই লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হওয়া। এরপর জানান, ‘দল শক্তিশালী এটাতো মুখে বললেই হবে না। এটা আমরা মাঠে প্রমাণ করে দেখাতে চাই।

তবে দল গঠন শেষ হলেও এখনো কোচ নিয়োগ দেয়নি মোহামেডান। যেখানে সবার আগে কোচ নিয়োগ দিতে হয়। এ প্রসঙ্গে ফাহিম বলেন, কাব এখনো কোচকে নিয়োগ দেয়নি। কোচ যখন আসবে, দেখবে, ফুটবলারদের সম্পর্কে জানতে পারবে তখনই একটি দল ফল পেতে শুরু করবে। এরপরই যোগ করেন, এখানে সবাই পেশাদারী ফুটবলার। সবাই ফুটবলটা বুঝে। তাই আশাকরি কোনো সমস্যা হবে না। এরপর বসুন্ধরা কিংস ছাড়া প্রসঙ্গে বলেন, এটা পেশাদারী ফুটবলাদের জন্য স্বাভাবিক। একবার এ কাবেতো পরের বার অন্য কাবে। আগে ছিলাম বসুন্ধরায়। এবার মোহামেডানে। এখন নতুন করে সব পরিকল্পনা। নতুন চিন্তাভাবনা।

মোহামেডান দল : সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, ইসমাইল হোসেন মাহিন, আহসান হাবিব বিপু, শাকিল আহাদ তপু, সোহেল রানা, মিনহাজুল আবেদীন বাল্লু, মেহেদী হাসান রয়েল, রহিম উদ্দিন, সোলেমান দিয়াবাতে, ফয়সাল আহমেদ ফাহিম, জয় আহমেদ, শাহীন আহমেদ, জুয়েল মিয়া, মোজাফফরভ, সৌরভ দেওয়ান, রাজু আহমেদ, মজিবর রহমান জনি, সাইফুল হোসেন, সাদ উদ্দিন, আজিজুল হক অনন্ত, হাফিজুর রহমান বাবু, আমির হাকিম বাপ্পী, কামাল মৃধা, মেহেদী হাসান, ইমানুয়েল সানডে, টনি আগাবাজি, রিমন হোসেন, রহমত মিয়া ও শাহরিয়ার ইমন।