নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত নৌবাহিনী
Printed Edition
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এপ্রেক্ষিতে গতকাল দিনব্যাপী সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত কন্টিনজেন্ট ও ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। কক্সবাজারের মহেশখালী, টেকনাফ,ও সেন্টমার্টিন কন্টিনজেন্ট পরিদর্শনকালে তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২০ জুলাই ২০২৪ হতে বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময়ে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে উল্লেখযোগ্য সংখ্যক সফল অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী। নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে আসন্ন নির্বাচন অবাধ সুুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে বদ্ধপরিকর নৌবাহিনী। তিনি আরও বলেন, একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে বাংলাদেশ নৌবাহিনী যেকোনো পরিস্থিতিতে অর্পিত দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য নৌসদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশনা, আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বহুমুখী অনুশীলন সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান। মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা।