পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। এ সময় তিনি রাষ্ট্রপতিকে পরিচয়পত্র পেশের প্রস্তুতি নিয়ে চিফ অব প্রটোকল নূরল ইসলামের সাথে আলাপ করেন। এ ছাড়া ক্রিস্টেনসেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।
ব্রেন্ট ক্রিস্টেনসেন আগামীকাল রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন গত সোমবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর সেপ্টেম্বরে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। সিনেট শুনানির পর অনুমোদন পাওয়ায় গত মাসে তার নিয়োগ চূড়ান্ত হয়। এরপর গত শুক্রবার ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন ক্রিস্টেনসেন। মার্কিন পররাষ্ট্র দফতরে ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল আর ম্যাকফাউল তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
ঢাকায় পৌঁছে দেয়া এক বার্তায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের বিষয়। আমি দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে আগ্রহী। আমার স্ত্রী এবং আমি এমন একটি দেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যে দেশের সাথে আমাদের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে।’
ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া তিনি মার্কিন পররাষ্ট্র দফতরে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোতে বাংলাদেশের কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন যুক্তরাষ্ট্রের ঢাকা মিশনে তিনি পিটার হাসের উত্তরসূরি হবেন। পিটার হাস ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এর পর থেকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্রেসি অ্যান জ্যাকবসন।