বিভিন্ন স্থানে নিহত ৫

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় রাজধানীতে এক বৃদ্ধসহ বিভিন্ন স্থানে পাঁচজন নিহত হয়েছেন।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তাকওয়া ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির চালক ও এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় সড়কের পাশে দাঁড়িয়েছিল। পরে একই দিক থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি কাভার্ডভ্যান ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের দিক দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাকওয়া ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির কাভার্ডভ্যানের চালক নাটোরের নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া এলাকার ফরজ আলীর ছেলে সোহাগ হোসেন (৩০) ও বিক্রয় প্রতিনিধি টাংগাইল জেলার নাগরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন (৩৫) নিহত হয়।বনপাড়া হাইওয়ে থানার ওসি মোহা: মনিরুজ্জামান বলেন, লাশ দুটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইন অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় হানিফ পরিবহনের একটি বাসের সাথে মালবাহী ট্রাকের সংঘর্ষে মোহাম্মদ সালাম (৫৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। রোববার রাত আড়াইটায় দুর্ঘটনা ঘটে । নিহত ট্রাক চালক বগুড়া জেলার আক্তার মিয়ার ছেলে বলে জানা গেছে।

আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার জাহেদুল ইসলাম (২৬), জাকির ইসলাম (৩০), সাকিব উল হাসান (১৭) এবং নাসরিন সুলতানা (২৯)। পটিয়া হাইওয়ে ক্রসিং থানা পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন জানিয়েছেন ঢাকা মুখে একটি হানিফ পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। আহতদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ট্রাক চালককে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাসটি থানা হেফাজতে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক জানান, রাজধানীর রামপুরা থানার ডিআইটি রোড এলাকার বেটার লাইফ হাসপাতালের সামনে সিএনজির ধাক্কায় অজ্ঞাতনামা (৭০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো: শফিকুল ইসলাম খান জানান, নিহত ব্যক্তির নামপরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা জানতে পেরেছি বেটার লাইফ হাসপাতালের সামনে দ্রুতগামী একটি সিএনজি ওই ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে (ওসেকে) তাকে ভর্তি দেয়া হয়। ওইখানেই চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লিপন ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বুড়ির হাট থেকে বেলতলি পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিপন ইসলাম পাল্টাপুর ইউনিয়নের সাদুল্যাহ পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।