নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশার কারণে সূর্যালোক মাটিতে পৌঁছাতে না পারায় সারা দেশে তাপমাত্রা ক্রমেই নিচের দিকে নামছে। তীব্র শীতে কাঁপছে শিশু ও বৃদ্ধরা, বাড়ছে শীতজনিত নানা রোগব্যাধি। বিশেষ করে উত্তর, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের মানুষ অসহ্য শীতের যন্ত্রণায় দিন কাটালেও দরিদ্রদের জন্য শীতবস্ত্র বিতরণের উল্লেখযোগ্য কোনো কর্মসূচি চোখে পড়ছে না।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবারও তাপমাত্রার তেমন উন্নতির সম্ভাবনা নেই। দেশের ৪৪ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। নওগাঁ জেলার বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগের অন্যান্য এলাকাতেও তাপমাত্রা প্রায় একই রকম। রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা অধিকাংশ জায়গায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলো ছাড়াও টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। আগামী ১০ দিনেও শীতের উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চলতি বছর শীত আসতে কিছুটা দেরি হলেও এর তীব্রতা অন্যান্য বছরের তুলনায় বেশি। এত বিস্তৃত এলাকায় একযোগে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ দীর্ঘদিন ধরে চলার ঘটনা সাম্প্রতিক সময়ে খুব কমই দেখা গেছে। ঢাকাতেও সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, যা নিকট অতীতে খুব একটা দেখা যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছিল ২০১৮ সালের ৮ জানুয়ারি, পঞ্চগড়ে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে সূর্যের আলো না পেলে তাপমাত্রা খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।

এ দিকে কানাডা প্রবাসী আবহাওয়াবিদ মোস্তফা কামাল জানিয়েছেন, ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূউপগ্রহের কুয়াশার চিত্র বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রায় ৩০টি জেলার ওপর, বিশেষ করে পূর্বাঞ্চলের জেলাগুলোতে ঘন কুয়াশা বিরাজ করছে। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের জেলা এবং রংপুর ও বরিশাল বিভাগের কয়েকটি জেলা সারা দিন কুয়াশার চাদরে ঢাকা ছিল।

তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য থেকে মাঝারি থেকে ঘন কুয়াশা বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে, যার প্রভাবে আজ দুপুরের আগে দেশের অধিকাংশ জেলায় সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম, বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে।