শাহজাদপুরে মায়ের বিরুদ্ধে নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ

Printed Edition

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতককে গলা কেটে হত্যার পর টয়লেটে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে পাষণ্ড মায়ের বিরুদ্ধে। পরে নবজাতকের লাশ বাড়ির পেছনে মাটিচাপা দেয়ার জন্য গর্ত খুঁড়লে টের পায় প্রতিবেশীরা। দ্রুত এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে টয়লেটে নবজাতকের লাশ রেখে পালিয়ে যায় পাষণ্ড মা ও তার স্বজনরা।

জানা যায়, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়ার গ্রামের দেলোয়ারের মেয়ে জান্নাতুল ফেরদৌসের প্রায় এক বছর আগে বিয়ে হয় একই ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে করীম মণ্ডলের সাথে। ছয় মাস সংসারের পর বনিবনা না হওয়ায় স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে আসে জান্নাতুল ফেরদৌস।

এর মধ্যে করীম মণ্ডল দ্বিতীয় বিয়ে করলে সেই স্ত্রীও পরকীয়া প্রেমিকের পরামর্শে গত ২৭ অক্টোবর করিম মণ্ডলকে ট্যাবলেট খাইয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে। এদিকে ডিভোর্সি জান্নাতুল ফেরদৌসের গর্ভে করীমের সন্তান আস্তে আস্তে বেড়ে উঠলেও বিষয়টি গোপন রাখে জান্নাতুল ফেরদৌসের পরিবার।

মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাতে কন্যা সন্তান প্রসব করলে জান্নাতুল ফেরদৌস ও তার মা মিলে নবজাতকের গলা কেটে টয়লেটে রেখে দেয়। পরদিন ৩১ ডিসেম্বর ভোরে নবজাতকের লাশ মাটিচাপা দেয়ার জন্য বাড়ির পেছনে গর্ত খুঁড়লে প্রতিবেশিরা টের পায়। ঘটনা দ্রুত এলাকায় জানাজানি হলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় স্বজনরা।

বিষয় নিয়ে কথা হলে শাহজাদপুর থানার সেকেন্ড অফিসার মাহবুব হাসান জানান, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি। পরবর্তী পদক্ষেপ নেয়া হবে’।