জাবির হলে মদ উদ্ধারের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার
Printed Edition
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হল থেকে বিদেশী মদ উদ্ধারের ঘটনায় এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, গত ৪ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে হল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষের বারান্দা ও খাটের নিচ থেকে প্রায় ২০ বোতল বিদেশী মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির তদন্ত প্রতিবেদন ও কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো। অভিযুক্ত শিক্ষার্থী মো: ফজলে আজওয়াদ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। সে কাজী নজরুল ইসলাম হলে অবৈধ শিক্ষার্থী হিসেবে বসবাস করছিলেন।
আটক শিক্ষার্থীর সাথে ছাত্রদলের সম্পৃক্ততা নেই : দাবি সংগঠনটির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে মাদক উদ্ধারের ঘটনায় আটক শিক্ষার্থীকে ছাত্রদলের কর্মী হিসেবে উল্লেখ করে প্রকাশিত কিছু সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জানায়, আটক শিক্ষার্থীর সাথে জাবি ছাত্রদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। সোমবার সংগঠনটির দফতর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে মো: ফজলে আজওয়াদ নামের এক শিক্ষার্থীকে ২১ বোতল বিদেশী মদসহ আটক করা হয়েছে। তবে আটকের পর থেকে কয়েকটি সংবাদমাধ্যমে তাকে ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আটক শিক্ষার্থী ছাত্রদলের কোনো কর্মী বা পদধারী নন। তিনি কখনোই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কোনো পদে ছিলেন না এবং সংগঠনটির সাথে তার ন্যূনতম কোনো সম্পর্কও নেই।’