দ্রুততম মানব শাওন ও মানবী সাবা
Printed Edition
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এই ক্রীড়া উৎসবের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টে ছাত্রদের মধ্যে দ্রুততম মানব নির্বাচিত হয়েছেন শাওন বড়ুয়া এবং ছাত্রীদের মধ্যে দ্রুততম মানবী হয়েছেন জারীন তাসমীন সাবা।
প্রতিযোগিতায় ছাত্র বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন শাওন বড়ুয়া এবং রানার-আপ তরিকুল ইসলাম। হল ভিত্তিক চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযোদ্ধা হল এবং রানার-আপ শহীদ তারেক হুদা হল। ছাত্রী বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন জারীন তাসমীন সাবা এবং রানার-আপ নুসাইবা সিবলী। হল ভিত্তিক চ্যাম্পিয়ন হয়েছে শামসেন নাহার খান হল এবং রানার-আপ তাপসী রাবেয়া হল।
শিক্ষকদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন অধ্যাপক ড. মো: সানাউল রাব্বী, কর্মকর্তাদের মধ্যে মো: মুস্তাকিন, তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মধ্যে নজরুল ইসলাম এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে কাওছার হোসেন। সেরা র্যালি নির্বাচিত হয়েছে যথাক্রমে মুক্তিযোদ্ধা হল, বেগম শামসুন নাহার হল ও শহীদ তারেক হুদা হল।
এবারের প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলে প্রায় এক হাজার ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ভাইস চ্যান্সেলর মহোদয় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। কুচকাওয়াজ শেষে মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন শিক্ষার্থী জিতু দেবনাথ। চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সুস্থ দেহ ও মন গঠনের জন্য ক্রীড়া চর্চার বিকল্প নেই। চুয়েটের এই ক্রীড়া উৎসব শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।