খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত বিক্ষোভে পরিবর্তিত তারিখ ৬ জানুয়ারি
Printed Edition
নুর আলম জবি সংবাদদাতা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে গতকাল নির্বাচনের দিন সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ স্থগিত করা হয়। স্থগিতের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে নির্বাচনের নতুন তারিখ ৬ জানুয়ারি ঘোষণা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত হওয়ায় জরুরি সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে; ফলে জানানো হয় জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে।
নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ঘোষণার পর ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। বিপুল সংখ্যক শিক্ষার্থী ভিসির ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন পর এ নির্বাচন ছিল শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন, তাই শেষ মুহূর্তের স্থগিতাদেশ গ্রহণযোগ্য নয়। তারা আজকের (মঙ্গলবার) মধ্যেই ভোটগ্রহণের দাবি জানান।
জবি শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, নির্বাচনের দিন সকালে এমন অযৌক্তিক, অবান্তর সিদ্ধান্ত কখনই মেনে নেয়া যায় না। জকসু জবির অস্তিত্বের সাথে সম্পৃক্ত। নির্বাচন বানচালের পেছনে জবির বিএনপিপন্থী শিক্ষকদের একটি অংশের অদৃশ্য হাত রয়েছে এটা সবার কাছে এখন স্পষ্ট। আরেক শিক্ষার্থী সামিয়া আহমেদ বলেন, দূর থেকে এ শীতের মধ্যেও কষ্ট করে ভোট দিতে এসেছি, হঠাৎ এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা মর্মাহত। নিশ্চয় এর পেছনে বড় কোনো কারসাজি বা পরিকল্পনা আছে। আমরা আজই ভোট চাই।