রমজানে স্কুল-কলেজ বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ

আপিলের বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আসন্ন রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার এই আদশে দিয়েছেন বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো: আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ। এ দিকে হাইকোর্টের দেয়া এই আদেশের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় আপিল করবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে আজ। সূত্র জানায়, আসন্ন পুরো রমজান মাস সরকারি-বেসরকারি নি¤œ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রমজান ১৯ বা ২০ তারিখে শুরু হতে পারে। রমজান শুরুর বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো: ইলিয়াছ আলী মণ্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। গত ৫ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান তিনি।

নোটিশে বলা হয়, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে এটিই আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক।

নোটিশে আরো বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়ে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার সম্ভাবনা দেখা দেয়। যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়। এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র জানযটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়, যা কারো কাম্য নয়। নোটিশের জবাব না পাওয়ায় এ রিট দায়ের করা হয়।

এ দিকে হাইকোর্টের এই আদেশের বিপক্ষে আপিল করা হবে কিনা তা নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, হাইকোর্টের নির্দেশনার বিষয়টি তারা অবগত। তবে নির্দেশনার বিষয়টি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। আজ সোমবার বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরপর নিজেদের অবস্থান জানানো হবে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক) সাইদুর রহমান গতকাল বলেন, ছুটির বিষয়ে আগামীকাল (আজ সোমবার) আমরা আলোচনা করব। এর আগে এ বিষয়ে কিছু বলা সম্ভব না।