কোস্টগার্ডের অভিযান

চট্টগ্রামে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ককর ফাঁকি দিয়ে আসা প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-থ্রিপিস-লেহেঙ্গা ও বিদেশী সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড। রোববার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুল্ক কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্রসামগ্রী এবং বিদেশী সিগারেট পাচার করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারি কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা ও ১,২৯৮ কার্টুন বিদেশী সিগারেট জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যান চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেয়া হয়।

জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়।