ভোট দিলেন ক্রিকেটাররাও

Printed Edition
khela-2
ভোট দিচ্ছেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক

সারা দেশে আয়োজিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে এসেছে সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনের পরিবেশ; যে কারণে মহাসমারোহে, মহাআনন্দে, উৎসবের মেজাজে ভোট দিয়েছেন দেশের মানুষ। বসে নেই ক্রিকেটাররাও। নিজ নিজ এলাকায় প্রিয়জনের সাথে বেশ আনন্দের সাথে ভোট দিয়েছেন মোহাম্মদ আশরাফুল, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন, মারুফা, তামিম ইকবালরা। ভোট দিয়ে ফেসবুক নিজেদের বার্তাও জানিয়েছেন।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ঢাকা-৯ আসনের ৪৭ নম্বর কেন্দ্রে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলে ভোট দিয়েছেন। সন্তানদের নিয়ে ভোট দানের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে আশরাফুল লিখেছেন, ‘সন্তানদের সাথে নিয়ে ভোট দিলাম। দায়িত্ববোধ শেখানো শুরু ঘর থেকেই।’

চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল চট্টগ্রাম-৯ আসনের ভোটার। সেখানের ৬৬ নম্বর কেন্দ্র, চট্টগ্রাম শহরের কাজির দেউরির শহীদ সাইফুদ্দিন খালেদ রোডে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিচতলায় নিজের ভোট দিয়েছেন দেশসেরা এই ওপেনার। তামিম তার ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন। নিরাপত্তার স্বার্থে তাকে সেনাবাহিনীর বিশেষ প্রটোকলে কেন্দ্রে নেয়া হয়। ভোট দেয়ার পর তামিম উচ্ছ্বাস প্রকাশ করেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। পরিবেশ খুবই ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। প্রক্রিয়াটি খুবই সহজ ছিল। আশা করি, সবাই এমন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন।’

এ ছাড়া নিজ শহর ফেনীতে ভোট দিয়েছেন বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ফেনী-২ আসন থেকে ভোট দিয়েছেন সাইফউদ্দিন। এ ছাড়া ভোট দিয়েছেন মাহমুদুল হাসান জয়, আকবর আলীরা। চোটে থাকা জয় ভাঙা হাত স্লিংয়ে ঝুলিয়েই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। তাসকিন লিখেছেন, সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।

এই নির্বাচনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে প্রায় দেড় বছর দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৪ সালের ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।