তাড়াশে শিব মন্দিরের জায়গা দখল আ’লীগ নেতার
Printed Edition
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের তাড়াশে তালম গ্রামের প্রাচীন শিব মন্দিরের জায়গা দখল ও সেখান থেকে বটপাকুর, তাল, ইউক্যালিপটাসসহ পাঁচটি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো: আব্দুল মান্নান নামের বিরুদ্ধে।
গত শুক্রবার উপজেলার তালম ইউনিয়নের তালম শিবপাড়ায় শ্রী শ্রী শ্যাম সুন্দর দেব ঠাকুর শিব মন্দির চত্বরের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেন মান্নান।
এ বিষয়ে প্রতিকার চেয়ে গত শুক্রবার রাতে শ্রী শ্রী শ্যাম সুন্দর দেব ঠাকুর শিব মন্দিরের সাধারণ সম্পাদক সনাতন দাশ তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো: হাবিবুর রহমান।
জানা যায়, জমিদারী আমলে নাটোরের জমিদার রানী ভবানীর শাসনামলে উপজেলার তালম ইউনিয়নের তালম শিবপাড়ায় ৩.২৯ একর জায়গা নিয়ে শ্রী শ্রী শ্যাম সুন্দর দেব ঠাকুর শিব মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ শিব মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা পূজা-অর্চনা করে আসছেন। পাশাপাশি শিব মন্দিরটি একটি কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে।
গত ৩০ জানুয়ারি তালম শিবপাড়ার আব্দুল করিমের ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো: আব্দুল মান্নান (৫৫) দিন দুপুরে ওই শিব মন্দিরের দু’টি তাল গাছ, তিনটি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন। সেই সাথে মন্দির লাগোয়া একটি শতবর্ষী বট- পাকুরের বড় বড় ডাল কেটে নেন। এ ছাড়া তিনি শিব মন্দিরের ৩.২৯ একর জায়গার মধ্যে কিছু অংশ বেড়া দিয়ে নিজের দখলে নেন।
শিব মন্দিরের জায়গা দখল ও গাছ কাটার ঘটনাটি জানার পর প্রতিকার চেয়ে শুক্রবার রাতে মন্দির কমিটির সাধারণ সম্পাদক সনাতন দাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি এ প্রসঙ্গে জানান, প্রভাবশালী মান্নান এর আগেও মন্দিরের জায়গা দখল করে পাকা বাড়ি বানিয়েছেন। ফের গত শুক্রবার তিনি প্রাচীন এ মন্দিরের পাঁচটি গাছ কেটে ফেলেন। সেই সাথে মন্দির লাগোয়া একটি শতবর্ষী বট- পাকুরের বড় বড় ডাল কেটে নেন। এ ছাড়া মন্দিরের জায়গার মধ্যে কিছু অংশ আব্দুল মান্নান আবারো বেড়া দিয়ে নিজের দখলে নিয়েছেন। অপর দিকে গাছ কাটা ও জায়গা দখল বিষয়ে আব্দুল মান্নানের ভাষ্য, গাছ ও জায়গা তো পড়েই থাকে। আমার প্রয়োজন ছিল তাই গাছ কেটেছি। এভাবে একটি প্রতিষ্ঠানের জায়গা দখল ও গাছ কাটা অন্যায় কি না এ প্রশ্ন করলে, তিনি দ্রুত সেখান থেকে সটকে পড়েন। এ প্রসঙ্গে গতকাল রোববার তাড়াশ থানার ওসি মো: হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।