উজিরপুরে আগুনে পুড়ল ৮ দোকান নিঃস্ব ব্যবসায়ীরা
Printed Edition
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
বরিশালের উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বন্দরের পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে যখন বাজারের ব্যবসায়ীরা ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুড়ে যায় জাকিরের স্যানিটারি দোকান, মশিউরের পোলট্রি ফিড, পরিমলের ফার্নিচার, বাদলের স্টিল দোকান, সুমনের বোট ও ফার্নিচার এবং কবিরের স্টিল ও টাইলসের দু’টি দোকানসহ মোট আটটি ব্যবসা প্রতিষ্ঠান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কবির হাওলাদার জানান, তার দোকানে নগদ আড়াই লাখ টাকাসহ ৩০ লাখ টাকার বেশি মালামাল ছিল। স্যানিটারি ব্যবসায়ী জাকিরের দাবি, তার দোকানে নগদ দুই লাখ টাকা ও অর্ধকোটি টাকার সামগ্রী ছিল। সব হারিয়ে এখন দিশেহারা এই ব্যবসায়ীরা।
উজিরপুর ফায়ার সার্ভিসের লিডার রাসেল হোসেন ভূঁইয়া বলেন, একটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়।