আজ থেকে কেউ চাঁদা দেবেন না : সালাহউদ্দিন
Printed Edition
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
চকরিয়া উপজেলায় চিংড়ি ঘের ও মাছ ঘোনায় এখনো চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্যপ্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আজ থেকে কেউ চাঁদা দেবেন না। যারা চাঁদা নেয়, তাদের চিহ্নিত করে লিখিত অভিযোগ দিলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। গতকাল মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, চকরিয়ায় দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের ও মাছ ঘোনাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ অবস্থা আর চলতে দেয়া হবে না। কেউ যদি চাঁদা আদায় করে, তাহলে তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেয়া হবে। বিরোধী দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, এ দেশে একটি ‘ভারতপন্থী পার্টি’, একটি ‘পাকিস্তানপন্থী পার্টি’ আছে, আর বাংলাদেশের পার্টি হচ্ছে বিএনপি। আমরা এমন একটি সংসদ গঠন করতে চাই, যেখানে কোনো সন্ত্রাসীর ঠাঁই থাকবে না।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, অতীতে যারা ভুল করে ভারতপন্থী রাজনীতি করেছেন, তাদেরও আমরা ক্ষমা করেছি। নেতারা বিপদের সময় দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষকে সাথে নেয়নি। বিএনপি বিশৃঙ্খলা নয়; শান্তি ও স্থিতিশীলতা চায়। সালাহউদ্দিন আহমেদ জানান, তিনি গত সোমবার চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীরের বাবার নামাজে জানাজায় অংশ নিয়েছেন। সেখানে উপস্থিত হয়ে তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সমাবেশে জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্ন, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলীসহ মহিলা দলের নেত্রী ও নেতাকর্মীরা এতে অংশ নেন।