অর্ধেক দর্শক হারাবে বিশ্বকাপ : ইউসুফ

Printed Edition
khela-4
অর্ধেক দর্শক হারাবে বিশ্বকাপ : ইউসুফ

ক্রীড়া প্রতিবেদক

নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। এতে আইসিসির কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। সংস্থাটির ধারাবাহিকতা ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

পাকিস্তানি এই কিংবদন্তি তার এক্স হ্যান্ডলে করা পোস্টে লেখেন, বাংলাদেশ বিশ্বকাপে না খেলায় দর্শকসংখ্যা অনেক কমে যাবে। ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তান মিলিয়ে ১৭ কোটি ৮০ লাখ দর্শক খেলা দেখবেন। সেখানে বাংলাদেশের এই সংখ্যাটা ১৭ কোটি ৬০ লাখ।’

একই পোস্টে ইউসুফ লেখেন, ‘খেলাটি বৈশ্বিকভাবে দর্শকদের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায়সঙ্গত উদ্বেগকে উপেক্ষা করা (আইসিসির) ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন বেছে বেছে সুবিধা দেয়া হয়, তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেটকে প্রভাব নয়, নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে।’

৪ জানুয়ারি নিরাপত্তা শঙ্কা জানিয়ে আইসিসিকে ভেনু বদলের অনুরোধ করে বিসিবি। ২১ জানুয়ারি আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্বসূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। এরপর গত ২৪ জানুয়ারি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এর আগে লাহোরে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দেয়া না হলে পাকিস্তান দল টুর্নামেন্ট বর্জনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে।

এ বিষয়ে এক্স হ্যান্ডলে করা পোস্টে নাকভি জানান, ‘প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। সম্পূর্ণ বিষয়টি অবহিত করা হয়েছে এবং তিনি নির্দেশ দিয়েছেন, যেন আমরা সব বিকল্প খোলা রেখেই এটি সমাধান করি। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আগামী সপ্তাহে।’

৫১ বছর বয়সী ইউসুফ পাকিস্তানের হয়ে ৯০টি টেস্ট, ২৮৮ ওয়ানডে ও ৩টি টি-২০ খেলেছেন। টেস্টে পাকিস্তানের হয়ে তিনি চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক, ওয়ানডেতে দ্বিতীয়। অবসর নেয়ার পর পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।