দিনাজপুরে ৬টি আসনে ৪২ প্রার্থীর মনোনয়ন বৈধ

Printed Edition

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুর নির্বাচনী ছয়টি আসনে ৪৮ প্রার্থীর মধ্যে ৪২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে পাঁচটি বাতিল এবং একটি স্থগিত করা হয়েছে। দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ জেলার ছয়টি সংসদীয় আসনে ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে বিএনপির সাতজন, জামায়াতের ছয়জন, এনসিপির একজন, জাতীয় পার্টির ছয়জন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ছয়জন, খেলাফত মজলিসের তিনজন রয়েছেন। এ ছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, মুসলিম লীগসহ বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেন।

দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট আট প্রার্থী। এদের মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ ও শাহ আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। অপর ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির ডা: এ জেড এম জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির রেজাউল হক, এবি পার্টির আব্দুল হক, ইসলামী আন্দোলনের নুর আলম সিদ্দিক এবং বাসদের আব্দুল হাকিম।