চলচ্চিত্র অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই
Printed Edition
সাংস্কৃতিক প্রতিবেদক
বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবির আর নেই। গত ১২ জানুয়ারি তিনি লন্ডনে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন স্বজন জাভেদ মাহমুদ। তিনি জানান, লন্ডনে অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন সাবেক এ নায়িকা।
জয়শ্রী কবির দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করতেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ প্রায় এক দশক আগে ঢাকায় এসেছিলেন। এর পর আর তাকে এ দেশে দেখা যায়নি। একমাত্র সন্তান লেনিনকে নিয়ে লন্ডনে বেশ ভালোই ছিলেন।
১৯৫২ সালে কলকাতায় জয়শ্রীর জন্ম। সেখানেই তার বেড়ে ওঠা। সাউথ পয়েন্ট স্কুলে লেখাপড়া করেন। পারিবারিক নাম জয়শ্রী রায়। ১৯৬৮ সালে তিনি মিস ক্যালকাটা উপাধি লাভ করেন। এরপর বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘অসাধারণ’ ছবিতে উত্তম কুমারের বিপরীতেও কাজ করেছিলেন।
১৯৬৮ সালে মিস ক্যালকাটা হওয়া জয়শ্রী বাংলাদেশের সিনেমায় অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছিলেন। প্রিয়া ফিল্মসের নিবেদনে সুনীল গঙ্গোপাধ্যায়ের মূল গল্পে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন। তারপর বাংলাদেশের বিখ্যাত পরিচালক আলমগীর কবিরের বেশ কয়েকটি ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাগুলো হচ্ছে- সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, সূর্যকন্যা, মোহনা।
প্রথম স্ত্রী মঞ্জুরা বেগমের সাথে ডিভোর্সের পর ১৯৭৫ সালে আলমগীর কবির বিয়ে করেন জয়শ্রীকে। বিয়ের জন্য সনাতন ধর্ম ত্যাগ করে হন মুসলিম। তখন থেকেই তার নাম জয়শ্রী কবির। এরপর থেকে প্রায় একযুগ ঢাকাই সিনেমায় অভিনয় করেন।
কয়েক বছর আগে নির্মাতা, অভিনেতা তৌকীর আহমেদের সাথে একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল জয়শ্রী কবিরের। সেখানে তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন বাংলাদেশের চলচ্চিত্র পরিবারকে দারুণ মিস করেন। তবে সবচেয়ে বেশি মিস করেন প্রয়াত নায়ক বুলবুল আহমেদকে। কারণ তার সাথেই তিনি সবচেয়ে বেশি সিনেমাতে অভিনয় করেছেন। জয়শ্রী ও বুলবুল আহমেদ জুটির সবচেয়ে জনপ্রিয় সিনেমা ‘সীমানা পেরিয়ে’। এ সিনেমার ‘বিমূর্ত এই রাত্রি আমার মৌনতারই সুতোয় বুনা একটি রঙ্গিন চাদর’ গানটি এখনো অনেক জনপ্রিয়।
তার উল্লেখযোগ্য ছবি হলো- কলকাতার ‘প্রতিদ্বন্দ্বী’, ঢাকার ‘সূর্যকন্যা’, কলকাতার ‘অসাধারণ’, ঢাকার ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালী সৈকতে’, ‘দেনা পাওনা’, ‘মোহনা’, ‘নালিশ’, ‘পুরস্কার’ ও ‘শহর থেকে দূরে’।