নতুন মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের ৫ আইনজীবী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে ২৮ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করে ২৪ জন বিজয়ী হয়েছেন। আর নির্বাচিত ২৪ আইনজীবীর মধ্যে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সাতজন। এর মধ্যে চারজন পূর্ণমন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী। এই সাত মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে পাঁচজনই সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী। মন্ত্রিসভায় স্থান পাওয়া সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী হলেন অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।

গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত আকাশের নিচে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই ভাইস চেয়ারম্যান ধানের শীষ প্রতীকে এক লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।

ঝিনাইদহ-১ আসনে সংসদ সদস্য মো: আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সাবেক এই অ্যাটর্নি জেনারেল মো: এক লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তিনিও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।

নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে এক লাখ ৫৯ হাজার ৭০১ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইজীবী।

চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব। বিএনপির এই সহ-সাংগঠনিক সম্পাদক ধানের শীষ প্রতীকে এক লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী।

নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল মহিলা শিশু ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে এক লাখ দুই হাজার ৪১৯ ভোট পেয়ে বিজয়ী হন। তিনিও সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী।