দশমিনা উপজেলা আওয়ামী লীগের অফিস খোলার ৪ ঘণ্টা পর ভাঙচুর ও তালাবদ্ধ

Printed Edition

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখলী দশমিনা উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়টি খোলার চার ঘণ্টা পর ভাঙচুর ও তালাবদ্ধ করা হয়েছে। জুলাই বিপ্লবের সময় ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর দশমিনা উপজেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও তালাবদ্ধ করে রাখা হয়। দীর্ঘদিন পর গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় খোলা হয় এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে দশমিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারের নেতৃত্বে অফিসের ভেতর ঢুকে ভাঙচুর ও ফের তালাবদ্ধ করে রাখা হয়। আবুল বশার বলেন, জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারা চোরের মতো উপজেলা আওয়ামী লীগের অফিস খুলেছে। এতে করে দশমিনা ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ওই অফিস ফের তালাবদ্ধ করেছে।

তিনি আরো বলেন, দশমিনা উপজেলার শান্ত পরিবেশ অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের কিছু উচ্ছৃঙ্খল লোক এই কাজ করেছে। যে দলের সব কার্যক্রম নিষেদ্ধ, তারা কিভাবে এত সাহস পায়। এতে করে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দশমিনা থানার ওসি আবু শাহাদাৎ মো: হাচনাই পারভেজ বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

আজ (১৬ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা অফিস খুলে ১০ মিনিটের মতো ছিল। পরবর্তীতে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে থানা পুলিশ কাউকে পায়নি। ঘটনার বিষয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।