৫০০ মিটার সড়কের কাজ শেষ হয়নি আড়াই বছরেও

Printed Edition

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের প্রসাদখালী এলাকায় মাত্র ৫০০ মিটার সড়কের নির্মাণ কাজ আড়াই বছরেও শেষ হয়নি। দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ থাকায় প্রসাদখালীসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঠিকাদারের গাফিলতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে নীরব স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।

উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে ৪০ লাখ টাকা বরাদ্দে সড়কটির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কাজটির দায়িত্ব পায় ‘মোল্লা ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে গ্রামবাসীর অভিযোগ, কাজ শুরুর পর থেকেই ঠিকাদার নানা অজুহাতে গড়িমসি শুরু করেন। এক পর্যায়ে রাস্তাটি খনন করে দীর্ঘ দিন ফেলে রাখা হয়। এতে বর্ষায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি।

পরবর্তীতে পুনরায় কাজ শুরু হলেও ঠিকাদার অন্য জায়গা থেকে সংগৃহীত নিম্নমানের বালু মিশ্রিত খোয়া ব্যবহার শুরু করেন। স্থানীয়রা এতে বাধা দিয়ে উপজেলা প্রকৌশলীকে অবহিত করলে তিনি কাজ বন্ধ করে দেন। এর পর থেকে সড়কের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সড়কটির বর্তমান অবস্থা নিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র আধা কিলোমিটার সড়ক নির্মাণে এত সময় লাগার কোনো যৌক্তিক কারণ নেই। ঠিকাদার ইচ্ছে করেই কাজ ফেলে রেখে মানুষকে কষ্ট দিচ্ছেন। আগামী বর্ষার আগে কাজ শেষ না হলে পরিস্থিতি ভয়াবহ হবে।

এ বিষয়ে ঠিকাদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে আদমদীঘি উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা বলেন, ঠিকাদারের সাথে দ্রুত যোগাযোগের চেষ্টা চলছে। আশা করছি অচিরেই সড়কটির নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে।