ভোট দিতে যান মা, পুকুরে ডুবে শিশুর মৃত্যু
Printed Edition
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে পুকুরের পানিতে ডুবে হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির নানাবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাসান আলমডাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইসরাইল হোসেনের স্ত্রী তার জমজ দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি লাল্টু মালিথার বাড়িতে বেড়াতে আসেন। সকালে পরিবারের সদস্যরা ভোট দিতে কেন্দ্রে যান। এ সময় দুই যমজ শিশু হাসান-হুসাইনকে বাড়িতেই রেখে যাওয়া হয়।
ভোট দিয়ে ফিরে এসে হুসাইনকে ঘরে পেলেও হাসানকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, হাসান ছিল খুবই প্রাণবন্ত ও চঞ্চল স্বভাবের। মায়ের ভোট দিতে যাওয়ার স্বল্প সময়ের মধ্যেই এমন দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।