নারী শিক্ষার বিস্তারে সবসময় আন্তরিক জিয়া পরিবার : ড. জকরিয়া

Printed Edition

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

নারী শিক্ষার বিস্তারে জিয়া পরিবার সবসময় আন্তরিক ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি) ড. মোহাম্মদ জকরিয়া। গতকাল রোববার সকালে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ড. মোহাম্মদ জকরিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে নারী শিক্ষার প্রসারে যুগান্তকারী কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় বর্তমানেও দেশের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল; কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।

কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর সিনিয়র সহকারী সচিব শফির আহম্মেদ, বাঁশখালীর ইউএনও রুহুল আমিন এবং থানার ওসি রবিউল হক।

সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, একটি কলেজ জাতীয়করণ হওয়ার জন্য যেসব শর্ত প্রয়োজন, তার সবই এই প্রতিষ্ঠানে রয়েছে। কিন্তু কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত সরকার এই নারী শিক্ষাপ্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করেনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এপিপি নাসির উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার লোকমান প্রমুখ।