নির্বাচন কমিশন যোগ্যতার সাথে কাজ করছে : মির্জা ফখরুল

Printed Edition
back-4
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার মাজারে নেতাকর্মীদের শ্রদ্ধা : নয়া দিগন্ত

বিশেষ সংবাদদাতা

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় বর্তমান নির্বাচন কমিশন (ইসি) যোগ্যতার সাথে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল সোমবার সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে পুষ্পস্তবক অপর্ণের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনে প্রার্থীদের মনোনয়নপত্র যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে, মোটামুটিভাবে তারা যোগ্যতার সাথে কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো দুই-একটা আমরা মনে করেছি সেটি আমরা তাদের সামনে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি যে, এই নির্বাচন কমিশন যোগ্যতার সাথে নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

ভোটে সমান সুযোগের বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, এই ধরনের কোনো অভিযোগ আমাদের নেই।

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদকে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে জিয়াউর রহমান এবং পাশে শায়িত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাতে অংশ নেন তারা।

এ সময় দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দিন আলম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী, হেলেন জেরিন খান, শাহ নেছারুল হক, এস এম জাহাঙ্গীরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে বিএনপি মহানগর, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, ছাত্রদল, তাঁতী দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে।

বিএনপি মহাসচিব বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমরা কবর জিয়ারত করতে এসেছি, শ্রদ্ধা জানাতে এসেছি। একই সাথে আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানিয়েছি। তার পাশেই শুয়ে আছেন আরেকজন ক্ষণজন্মা অপরাজেয় মহীয়সী নেত্রী বেগম খালেদা জিয়া যিনি তার সারাটা জীবন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করে তার জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি অমর নাম। যে নাম প্রতি মুহূর্তে স্মরণ করতে হয়। যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং পরবর্তীকালে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রবর্তন করেছিলেন, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন।

বাংলাদেশের অর্থনীতিকে একটা বোটম লেস বাস্কেট থেকে সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা বাংলাদেশের মানুষ প্রতি বছর স্মরণ করি, তার অনুসৃত যে পথ সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি।

মির্জা ফখরুল বলেন, আজকে যখন ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে, একটি ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। এই শপথের মধ্য দিয়ে বিএনপি এবং এর সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শকে বাংলাদেশে বাস্তবায়ন করব এই শপথ আমরা এখানে নিয়েছি।