বাংলাদেশকে সেমিতে উঠতে দেয়নি উজবেকরা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ঐতিহ্যগতভাবে এশিয়ান গেমস হকি বাছাইপর্বে শক্তিশালী দল হিসেবে পরিচিত বাংলাদেশ এবার শিরোপার লক্ষ্য নিয়েই অংশ নিয়েছিল। কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। নিয়মিত ফাইনাল খেলা দলটি সেমিফাইনালেও উঠতে পারল না। এবার লড়তে হবে শুধু মূল পর্বে জায়গা করে নেয়ার জন্য। এশিয়ান গেমস কোয়ালিফাইংয়ে ব্যাংককে এয়ার ফোর্স হকি টার্ফে ‘বি’-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের সাথে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করে কোনমতে মান বাঁচিয়েছে বাংলাদেশ। তবে সেমিতে উঠতে ব্যর্থ হয়েছে।

‘বি’-গ্রুপে দুই দলের সমান ৪ পয়েন্ট করে থাকলেও গোল পার্থক্যে শেষ চারে জায়গা করে নিয়েছে উজবেকরা। ফলে এখন লাল-সবুজদের খেলতে হবে পঞ্চম ও ষষ্ঠ স্থানের জন্য। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসাবে সেমিতে গেলে শ্রীলঙ্কা। শেষ চারে জায়গা না পেলেও হয়তো আফসোস নেই, কারন এই টুর্নামেন্ট থেকে ছয়টি দল খেলবে আইচি-নাগোয়ায় হতে যাওয়া এশিয়ান গেমসে।

ম্যাচের শুরু থেকেই উজবেকিস্তানের সাথে সমানতালে খেলতে ব্যর্থ হয় বাংলাদেশ। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ছয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে উজবেকিস্তানকে এগিয়ে দেন মিরনশখ অর্থিকবোয়েভ (১-০)। তবে বাংলাদেশ হাল ছাড়েনি। যদিও প্রথম কোয়ার্টারের গোল শোধ দিতে সময় লেগেছে চতুর্থ কোয়ার্টার অবদি। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে সমতায় ফেরান ঝাঁকড়া চুলের অধিকারী হকির হামজা আমিরুল ইসলাম (১-১)।

ম্যাচে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে বাংলাদেশ পেনাল্টি কর্নারে ভুগেছে বেশি। ছয়টি সুযোগ পেয়েও গোল করতে পারেনি তারা। আগের দিনের অনুশীলনে পিসি নিয়ে আলাদা সময় দেয়া কোনো কাজে আসেনি। তবে এমন ড্রয়ের কারণ হিসেবে অতিরিক্ত গরমকেই দুষলেন বাংলাদেশ দলের ম্যানেজার ইমাম হোসেন শান্টা। তার কথা, ‘শেষ দু’টি ম্যাচেই আমাদের অনেক গোল মিস হয়েছে। গোলকিপার গোল হজম করেছে। আমাদের চেয়ে উজবেকিস্তান ভালো দল হলেও কিন্তু খুব বেশি একটা সুযোগ পায়নি। আসলে প্রচণ্ড রোদই ছেলেদের এমন বাজে পারফরম্যান্সের জন্য দায়ী।’

বাংলাদেশের সামনে এশিয়ান গেমসের দরজা বন্ধ হয়ে যায়নি। ৯ দলের এই বাছাইপর্ব থেকে ছয় দল চূড়ান্ত পর্বে খেলবে। সেই হিসেবে পঞ্চম বা ষষ্ঠ স্থান অর্জন করেও এশিয়ান গেমসে যাওয়ার সুযোগ রয়েছে। এবারের বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্সও ওঠানামার মধ্যেই রয়েছে। তিন ম্যাচে একটি জয়, একটি হার ও একটি ড্রয়ে ৪ পয়েন্ট দলটির। আগের ম্যাচে ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হার, আর এবার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ উজবেকিস্তানের বিপক্ষে পয়েন্ট হারানো- সব মিলিয়ে দলের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ। উজবেকিস্তান একসময় বাংলাদেশের সাথে লড়াই করতে পারত না, তারাই বাংলাদেশকে সেমিতে উঠতে দেয়নি- এটি দেশের হকির জন্য অশনীসঙ্কেত।