খলিলুর মন্ত্রী হওয়ায় উন্মোচিত হলো নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে : নাহিদ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টার মর্যাদায়) ড. খলিলুর রহমান। সাবেক এই আমলার তারেক রহমান সরকারের মন্ত্রিসভায় যোগদানকে অনৈতিক হিসেবে উল্লেখ করেছেন জামায়াতের নায়েবে আমির ও সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্য দিকে, সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা উঠছে, খলিলুর রহমানের মন্ত্রিসভায় যোগদানের মধ্য দিয়ে এটা জাতির সামনে উন্মোচিত হলো।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে শপথ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে ডা: তাহের ও নাহিদ ইসলাম এসব কথা বলেন।
ড. খলিলুর রহমানের নতুন মন্ত্রিসভায় যোগদান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেন, সরকারি দল তাদের চয়েজের মানুষ নিয়েছে। তবে, আমরা এটাকে ফেয়ার মনে করি না। যারা ইন্টেরিম গভর্নমেন্টের পার্ট ছিলেন, তারা আবার রাজনৈতিক গভর্নমেন্টের অংশ হবেন- তাহলে তারা কতটা নিরপেক্ষ ছিলেন বা ছিলেন না, এই জায়গায় প্রশ্ন উঠতেই পারে। আমরা এটা খুব বেশি ফেয়ার মনে করি না।
জামায়াতের নায়েবে আমির ও সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘খলিলুর রহমান সাহেব যে আজকে ইন্টেরিম গভর্নমেন্টের সদস্য হয়ে বর্তমান সরকারে (বিএনপি সরকার) যোগ দিয়েছেন, এটা অনৈতিক এবং তাকে বর্তমান সরকারে নিয়ে যাওয়াটাও অনৈতিক।’
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ছাত্র উপদেষ্টারা কিন্তু পদত্যাগ করেছিলেন নির্বাচনের আগে নিরপেক্ষতার স্বার্থে। তখন কিন্তু ব্লেম দেয়া হয়েছিল যে, এই ছাত্র উপদেষ্টারা একটা দলের সাথে সংশ্লিষ্ট। তার পরে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিলেন। এখন খলিলুর রহমান, উনি যদি বিএনপি সরকারের মন্ত্রী হন বা সরকারের অংশ হন- তাহলে তো প্রশ্ন আসবে যে, অন্তর্বর্তী সরকারে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে তিনি কাজ করেছেন। এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলতেছি, আমরা যেটা দেখলাম যে ফলাফলে কারচুপি হলো- অনেকগুলো আসনে হারিয়ে দেয়া হলো আমাদেরকে। পরিকল্পনা করে দুই তৃতীয়াংশ আসন সরকারি দল (বিএনপি) নিয়ে নিলো, সংবিধান সংস্কার যাতে না হয়- এই যে জটিলতা, পুরোটার ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে পাচ্ছি। জাতির সামনে উন্মোচিত হচ্ছে, খলিলুর রহমানের আজকের মন্ত্রিসভায় যোগদানের মধ্য দিয়ে।