ভিয়েতনামের শীর্ষ নেতা নির্বাচনে সপ্তাহব্যাপী কংগ্রেস শুরু

Printed Edition

রয়টার্স

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল সোমবার শুরু হয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেস। এতে অংশ নিচ্ছেন কয়েক শ প্রতিনিধি। সপ্তাহব্যাপী এই কংগ্রেসের মাধ্যমে দেশটির পরবর্তী শীর্ষ নেতা নির্বাচন করা হবে। কংগ্রেসে চলতি দশকের বাকি সময়ের জন্য অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।

কমিউনিস্ট পার্টির সম্মেলনে যোগ দেয়া প্রতিনিধিদের জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। সংশ্লিষ্ট দুই ব্যক্তি জানিয়েছেন, সম্মেলনে এক হাজার ৬০০ প্রতিনিধিকে স্যামসাং ব্র্যান্ডের ট্যাবলেট কম্পিউটার দেয়া হয়েছে। তবে সেগুলোতে কোনো ইন্টারনেট সংযোগ নেই। এ ছাড়া তারা কোনো মুঠোফোনও ব্যবহার করতে পারছেন না। তাদের জন্য নির্ধারিত জায়গায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।

প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত এই কংগ্রেসে কমিউনিস্ট পার্টির পরবর্তী জেনারেল সেক্রেটারি নির্বাচন করা হয়। এবারের কংগ্রেসে বর্তমান জেনারেল সেক্রেটারি তো লামের ক্ষমতা আরো সুসংহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৬৮ বছর বয়সী তো লাম বর্তমানে ভিয়েতনামের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। গত বছরের জুলাইয়ে পূর্বসূরি নগুয়েন ফু ট্রংয়ের মৃত্যুর পর তিনি দলের হাল ধরেন।

ভিয়েতনামের রাজনৈতিক নিয়ম অনুযায়ী, কংগ্রেসে প্রায় এক হাজার ৬০০ প্রতিনিধি প্রথমে ২০০ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করবেন।