১৫ মার্চে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমার নির্দেশ
Printed Edition
বিশেষ সংবাদদাতা
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
ইসির চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রার্থীদের নামের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের রিটার্ন দাখিলের বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম, ঠিকানা সংবলিত গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে।
বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কর্তৃক ব্যয় বিবরণী দাখিল নিশ্চিতকরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারিকৃত পরিপত্র-১৮ অনুসারে কার্যক্রম গ্রহণ করতে হবে। এ ছাড়া নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলকৃত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিজ নিজ নির্বাচনী ব্যয়ের রিটার্নের তথ্য আগামী ২৫ মার্চের মধ্যে ইসিতে পাঠাতে হবে।