ফোবানার ৪০তম কনভেনশন সেপ্টেম্বরে
Printed Edition
সাংস্কৃতিক প্রতিবেদক
ফেডারেশন অব বাংলাদেশী অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৪০তম কনভেনশন আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের হলিডে ইন রিসোর্টে অনুষ্ঠিত হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় ৪০তম ফোবানা কনভেনশনের বিস্তারিত কর্মসূচি ও লক্ষ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের কনভেনশনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এর মাধ্যমে ফোবানার চার দশকের গৌরবময় যাত্রা উদযাপন করা হবে। দীর্ঘদিন ধরে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের ঐক্যবদ্ধ করা, সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক সম্পৃক্ততায় ফোবানা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সংবাদ সম্মেলনে ফোবানার কেন্দ্রীয় কমিটি ও হোস্ট কমিটির নেতারা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, প্রাক্তন চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবুল, নির্বাহী সম্পাদক নিহাল রহিম প্রমুখ।
হোস্ট কমিটির মধ্যে ছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ শামীম, ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান, আনোয়ার হোসেন সেন্টু, শামস আহমেদ শোভন, জেসন চৌধুরী, কনভেনর (ফাইন্যান্স কমিটি) মো: ইশাক আলী, কনভেনর (ম্যানেজমেন্ট কমিটি) হেলাল আহমেদ এবং কো-কনভেনর রেজাউল হক রেজা।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ৪০তম ফোবানা কনভেনশনে উত্তর আমেরিকা ছাড়াও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিটি লিডার, পেশাজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক কর্মী ও তরুণ নেতৃত্ব অংশগ্রহণ করবেন।
এবারের কনভেনশনের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে- ফোবানার ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে সাংস্কৃতিক পরিবেশনা, কমিউনিটি নেতৃত্ব ও মতবিনিময় সভা, যুব ও নতুন প্রজন্মের নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম, ব্যবসা, বিনিয়োগ ও নেটওয়ার্কিং সেশন নারী অংশগ্রহণ ও ক্ষমতায়নমূলক আয়োজন
বাংলাদেশী খাবার ও সংস্কৃতির প্রদর্শনী।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, এই আন্তর্জাতিক আয়োজনের বার্তা দেশ-বিদেশে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের সহযোগিতায় বাংলাদেশের ব্যবসায়ী, সাংস্কৃতিক সংগঠন, তরুণসমাজ ও কমিউনিটির নেতারা এই কনভেনশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন।