তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন

Printed Edition

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

প্রায় ত্রিশ বছরের অপেক্ষা শেষে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসন আবারো পেল মন্ত্রী। গতকাল মঙ্গলবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে শপথ গ্রহণ করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। শপথের পরই দুই উপজেলায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বড় ব্যবধানে জয় পান জহির উদ্দিন স্বপন। তিনি পেয়েছেন এক লাখ ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট।

বরিশাল-১ আসনের ইতিহাস বলছে, স্বাধীনতার পর ১৯৭২ সালে তৎকালীন বাকেরগঞ্জ-১৩ আসন থেকে নির্বাচিত আব্দুর রব সেরনিয়াবাত মন্ত্রিত্ব পান। পরে ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাকেরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুনীল গুপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর দীর্ঘ সময় ধরে এই আসনের কোনো সংসদ সদস্য সরাসরি মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি।

১৯৯৬ সালে আবুল হাসানাত আবদুল্লাহ চিফ হুইপ হন এবং ২০১৮ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান, যা মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ছিল। তবে দফতরপূর্ণ মন্ত্রী হিসেবে প্রতিনিধিত্ব আর হয়নি। ১৯৯১ সালের পর থেকে মন্ত্রী না থাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও প্রশাসনিক অগ্রাধিকারে পিছিয়ে থাকার অভিযোগ ছিল স্থানীয়দের মধ্যে। এ কারণেই সদ্য সমাপ্ত নির্বাচনের পর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে পূর্ণমন্ত্রী করার দাবি ওঠে দুই উপজেলায়। শপথের মধ্য দিয়ে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন অনেকে।

গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বরিশাল জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু বলেন, জহির উদ্দিন স্বপন দীর্ঘ দিনের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে জাতীয় পর্যায়ে কাজ করেছেন। তিনি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন। তার মতো একজন অভিজ্ঞ সংসদ সদস্যকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় বরিশাল-১ আসনের মানুষ সন্তুষ্ট।

এখন এলাকাবাসীর প্রত্যাশা, তথ্য ও সম্প্রচার খাতের পাশাপাশি সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে এই প্রতিনিধিত্ব ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘ তিন দশকের ব্যবধানের পর পাওয়া এই সুযোগ কতটা বাস্তব পরিবর্তনে রূপ নেয়, সে দিকেই নজর সবার।