সময়মতো বাড়িভাড়া না করলে হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা

Printed Edition
back-1
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ সাক্ষাৎ করেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন হজের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, পূর্বঘোষিত রোডম্যাপ অনুযায়ী হজের প্রতিটি কার্যক্রম এগিয়ে যাচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই হজযাত্রীদের শতভাগ বাড়িভাড়া সম্পন্ন করতে মন্ত্রণালয় নিরলস কাজ করছে। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টা এসব কথা বলেন।

সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা জানান, মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য বাড়িভাড়া প্রক্রিয়াটি মন্ত্রণালয় থেকে সরাসরি নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। তিনি বলেন, এরই মধ্যে মক্কা ও মদিনা উভয় স্থানে উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রীর বাড়িভাড়া চুক্তি সম্পন্ন হয়েছে। অবশিষ্ট হজযাত্রীদের জন্য ডেডলাইনের মধ্যে চুক্তি শেষ করতে সব হজ এজেন্সিকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। কোনোভাবেই যেন সময়সীমা অতিক্রম না করে, সে জন্য এজেন্সিগুলোকে নিয়মিত তাগিদ দেয়া হচ্ছে।

সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বাংলাদেশের হজ কার্যক্রমের বর্তমান অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে রোডম্যাপ অনুযায়ী বাড়িভাড়া চুক্তি দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া এ বছর বাংলাদেশের হজযাত্রীর কোটা নির্ধারণে সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ধর্ম উপদেষ্টা।

বৈঠকে কেবল হজ ব্যবস্থাপনা নয়, বরং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো সুসংহত করার বিষয়েও আলোচনা হয়। অর্থনৈতিক ও ধর্মীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশ একে অপরের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন ধর্ম সচিব মো: কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম এবং যুগ্মসচিব ড. মো: মঞ্জুরুল হক।