আইসিসি পিছু হটেছে : নাজাম শেঠি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
লাহোরে গত রোববার বিসিবি সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে আইসিসির প্রতিনিধিদলের সাথে পিসিবির মিটিংয়ের পর টি-২০ বিশ্বকাপে ভারতের সাথে খেলতে রাজি হয় পাকিস্তান। পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির দাবি, এই সিদ্ধান্তে পাকিস্তান নয়; বরং আইসিসিই পিছিয়েছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে এই দাবি করেন শেঠি।
পাকিস্তান বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের পর কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি নির্ধারিত সূচিতেই হবে। সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শেঠি বলেন, ‘আসলে আইসিসিই পিছু হটেছে। আমার মনে হয়, বাংলাদেশকে কিছুটা সুযোগ দিতে আইসিসি একটু সরে দাঁড়িয়েছে। পাকিস্তানের দিক থেকে এটি ছিল খুব ভেবেচিন্তে নেয়া একটি সিদ্ধান্ত। তারা সবদিক খতিয়ে দেখেছে। তারা জানত, ভারত ম্যাচ বয়কট করলে কোনো নিষেধাজ্ঞা আসবে না। এ বিষয়ে তারা দেশ ও বিদেশের শীর্ষ আইনজীবীদের সাথে পরামর্শও করেছে।’ শেঠি যোগ করেন, আইসিসিও বিষয়টিও পেরেছিল। সে কারণেই আইসিসি উদ্যোগ নেয় এবং তাদের ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা সক্রিয় হন। বাংলাদেশীরাও সক্রিয় ছিল। এভাবেই তারা পাকিস্তানে আসে আলোচনা করতে, যাতে পাকিস্তান এই ম্যাচটি খেলতে পারে।’
তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, বাংলাদেশের সাথে আইসিসি অন্যায় স্বীকার করার পরই খেলতে রাজি হয় পাকিস্তান। তার ভাষায়, ‘আমরা আলোচনায় বাংলাদেশের প্রসঙ্গ ছাড়া অন্য কোনো শর্ত রাখিনি। আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের জন্য কিছু সম্মান আদায় করা এবং তাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিকার করা।’ শেঠি মনে করেন, বাংলাদেশের কোনো শাস্তির মুখোমুখি না হওয়া এবং আইসিসি থেকে তাদের রাজস্ব পাওয়ার বিষয়টি সুরক্ষিত থাকা এই মিটিংয়ের গুরুত্বপূর্ণ ফল। আইসিসি কিছুটা পিছু হটেছে এবং বাংলাদেশকে সুযোগ দিয়েছে। আর আমার মনে হয়, পাকিস্তান তাদের লক্ষ্য আংশিকভাবে পূরণ করেছে।