খারকিভে রাশিয়ার রাতভর হামলা নিহত ৪
Printed Edition
রয়টার্স ও আলজাজিরা
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার রাতভর হামলায় চারজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ মঙ্গলবার টেলিগ্রামে এক বার্তায় জানান, শহরের উপকণ্ঠে শত্রুপক্ষের হামলায় চারজন প্রাণ হারিয়েছেন। তিনি আরো জানান, রাতের এ হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। স্থানীয় প্রশাসনের মতে, রাশিয়ার এ ধারাবাহিক হামলা খারকিভ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে আরো নাজুক করে তুলছে।
খারকিভের মেয়র ইগর তেরেখভ বলেন, শিশুদের একটি চিকিৎসা কেন্দ্রে রাশিয়া ড্রোন হামলা চালায়, এতে চিকিৎসা কেন্দ্রে আগুনের ঘটনা ঘটে। ইউক্রেনে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। বিশেষ করে তীব্র শীতের সময় দেশটিতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করতে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করছে। গত সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ কিয়েভের মিত্ররা তীব্র নিন্দা জানায়। ওয়াশিংটন এই হামলাকে এই যুদ্ধের একটি ‘বিপজ্জনক ও ব্যাখ্যাতীত উত্তেজনা’ বলে মন্তব্য করে। মস্কো সোমবার দাবি করেছে, প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের বাসভবনকে উদ্দেশ্যে করে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় লভিভ অঞ্চলের একটি বিমান মেরামত কারখানায় এই হামলা চালানো হয়েছে। তবে পুতিনের বাসভবনে হামলার অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।