সিয়ামের গভীর তাৎপর্য

Printed Edition

লিয়াকত আলী

আজ মাহে রমজানের সপ্তম দিবস। আমরা যদি ইসলামের আদেশ-নিষেধ বিবেচনা করি এবং এর মধ্যে লুকিয়ে থাকা শিক্ষা ও তাৎপর্য নিয়ে চিন্তা করি , তাহলে জানা যাবে যে ইসলামের প্রতিটি স্তম্ভ ও প্রতিটি আদেশ সমগ্র সমাজের সংস্কার এবং একটি সফল ব্যক্তিগত ও সামাজিক জীবন অর্জনের জন্য যথেষ্ট। ইসলামের অন্যতম প্রধান ফরজ রমজান মাসে রোজা রাখা। এই রোজা এক দিকে আমাদের ব্যক্তিগত জীবন সুস্থ ও শান্তিপূর্ণ রাখে, অন্য দিকে একটি সুস্থ ও নিঃস্বার্থ সমাজের নিয়ামক হয়। এমন একটি সমাজ যেখানে প্রতিটি ব্যক্তি অন্যের দুঃখ-কষ্টকে নিজের মতো অনুভব করবে, যার সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে, যেখানকার মানুষ স্বার্থপর হবে না বরং তারা সহানুভূতিশীল ও শুভাকাক্সক্ষী হবে। মোটকথা রোজার উদ্দেশ্য কেবল পানাহার ত্যাগ করা নয় বরং এতে রয়েছে অনেক শিক্ষা ও বার্তা। রোজা অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। ক্ষুধার যন্ত্রণা কী, ক্ষুধার্ত অবস্থায় রাত কাটানোর যন্ত্রণা কী, ছোট নিষ্পাপ শিশুদের ক্ষুধার জ্বালায় কাঁদতে দেখা, তাদের কান্না দেখতে এবং খাবার ভিক্ষা করার সময় তাদের দীর্ঘশ্বাস শুনতে কতটা কষ্ট হয়, নিজের সন্তানদের ক্ষুধার্ত দেখা কতটা যন্ত্রণাদায়ক, অন্যদের অবজ্ঞার সাথে দেয়া দান গ্রহণ করা কতটা যন্ত্রণাদায়ক- যে ব্যক্তি সর্বদা পেট ভরা থাকে এবং যে সর্বদা পেট ভরা খাবার পায় সে কখনো এটি কল্পনাও করতে পারে না।

আল্লাহ তায়ালা মুসলমানদের রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তিনি তাদের ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার নির্দেশ দিয়েছেন, কেবল এক বা দুই দিন নয় বরং তিনি আমাদের পুরো মাস ধরে এটি করার নির্দেশ দিয়েছেন, যাতে আমরা অন্যদের ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করতে পারি, তাদের কষ্ট বোঝার ক্ষমতা বিকাশ করতে পারি এবং যখন আমরা একজন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ব্যক্তিকে দেখি, তখন আমরা আমাদের নিজস্ব ক্ষুধা ও তৃষ্ণার কথা মনে করতে পারি; যাতে তাদের সাহায্য করা এবং সহযোগিতা করা সহজ হয় এবং তৃপ্তির কারণে আমরা স্বার্থপর ও অসংবেদনশীল না হই।

সাহাবিদের জীবনীতে দেখা যায় যে, রোজা রাখার সময়ও তারা প্রচুর দান-খয়রাত করতেন এবং দরিদ্র ও অভাবগ্রস্তদের আর্থিকভাবে সাহায্য করতেন এবং কোনো ভিক্ষুক বা অভাবীকে খালি হাতে যেতে দিতেন না, এমনকি যদি তাদের নিজের ইফতারের জন্য কিছু অবশিষ্ট নাও থাকত এবং কেবল পানি দিয়েই ইফতার করতে হতো। এভাবে একবার হজরত আয়েশা রা: রোজা রেখেছিলেন এবং ঘরে খাওয়ার জন্য কিছুই ছিল না, কেবল একটি রুটি ছাড়া। একজন দরিদ্র ব্যক্তি এসে প্রার্থনা করল। তিনি সেই রুটিটি ভিক্ষুককে দিলেন।

হজরত আবদুল্লাহ বিন যুবায়ের রা: একবার হজরত আয়েশা রা:-কে এক লাখ দিরহাম দিয়েছিলেন এবং একই দিনে তিনি সমস্ত দিরহাম মানুষের মধ্যে বিতরণ করেছিলেন, নিজের জন্য একটি দিরহামও রাখেননি; অথচ তিনি নিজে রোজা রেখেছিলেন।

তেমনি রোজা আমাদেরও বিনয় শেখায়, যা স্বার্থপরতা ও অহঙ্কার থেকে আমাদের রক্ষা করার সর্বোত্তম উপায়। অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বাস্তবতার মাধ্যমে একজন ব্যক্তি জানতে পারে যে, আল্লাহর প্রদত্ত রিজিকের তার কতটা প্রয়োজন, এ উপলব্ধির ক্ষেত্রে রোজাই একমাত্র উপায়। অতএব, এই বিষয়টি বিবেচনা করলে, একজন ব্যক্তি সম্পূর্ণ বিনয়ী ও নম্র হয়ে ওঠে। যদি আমরা ইফতারের জন্য দোয়া বিবেচনা করি, তাহলে এটিও ইঙ্গিত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এই দোয়া করতেন : “হে আল্লাহ! আমি কেবল তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার রিজিক দিয়েই ইফতার করলাম।”

ইফতারের সময়, একজনের চিন্তা করা উচিত যে আমাদের যা কিছু আছে তা কেবল আল্লাহর অনুগ্রহ এবং এটিই নম্রতা ও বিনয় যা রোজার বার্তা ও তাৎপর্য।

রোজা একজন ব্যক্তির সাহসকে জোরদার করে এবং তার ধৈর্য বৃদ্ধি করে। এটি তার আবেগ নিয়ন্ত্রণ করার এবং কষ্টের মুখে ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের ক্ষমতা বৃদ্ধি করে। কারণ একদিকে একজন মুসলিমকে রোজা অবস্থায় পানাহার করতে নিষেধ করা হয়, যার ফলে সে ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করতে বাধ্য হয়, অন্য দিকে ক্ষুধা ও তৃষ্ণার কারণে তার মধ্যে জ্বালা ও রাগ এবং অন্যদের সাথে ঝামেলায় পড়ার ভয় থাকে; তাই, শরিয়ত রোজা অবস্থায় অশ্লীল কথা বলা বা কারো সাথে লড়াই করা কঠোরভাবে নিষিদ্ধ করেছে। মহানবী সা: বলেছেন : যখন তোমাদের কেউ রোজা রাখে, তখন সে যেন অশ্লীল কথা না বলে বা শোরগোল না করে। যদি কেউ বিতণ্ডা করে বা তার সাথে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, “আমি রোজাদার।” অযথা কথা বলা এবং চিৎকার করা এমনিতেই নিষিদ্ধ; তবে রোজাদারকে এই বিষয়গুলো থেকে বিরত থাকতে কঠোরভাবে নির্দেশ করা হয়েছে, যাতে সে ধৈর্য, সহনশীলতা ও ধৈর্যের শক্তি অর্জন করতে পারে, যা রোজার অন্যতম বার্তা।