চাঁদ দেখা কমিটি বসবে আজ সব মসজিদে অভিন্ন পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজান ও সিয়াম সাধনার প্রস্তুতি শুরু হয়েছে। হিজরি ১৪৪৭ সনের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে আজ বুধবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি (ইফা)।

সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী। বাংলাদেশের আকাশে কোথাও রমজানের চাঁদ দেখা গেলে তা নিম্নেœাক্ত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ করা হয়েছে।

যদি আজ চাঁদ দেখা যায়, তবে কাল বৃহস্পতিবার থেকে শুরু হবে রোজা। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে রমজান গণনা শুরু হবে।

অভিন্ন পদ্ধতিতে খতমে তারাবি

এ দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, কর্মজীবী ও ভ্রাম্যমাণ মুসল্লিদের সুবিধার্থে এবং পবিত্র শবে কদরে কুরআন খতম নিশ্চিত করতে সারা দেশের সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান জানানো হয়েছে।

প্রথম ছয় দিনে প্রতিদিন দেড় পারা করে তিলাওয়াত করে মোট ৯ পারা সম্পন্ন করবে। পরবর্তী ২১ দিনে প্রতিদিন এক পারা করে তিলাওয়াত করা।

এ নিয়ম অনুসরণ করলে ২৭ রমজান অর্থাৎ পবিত্র শবে কদরের রাতে পূর্ণ কুরআন খতম করা সম্ভব হবে। ইসলামিক ফাউন্ডেশন জানায়, বিভিন্ন মসজিদে তিলাওয়াতের ভিন্নতার কারণে কর্মজীবী মুসল্লিরা অনেক সময় কুরআনের ধারাবাহিকতা রক্ষা করতে পারেন না। এ অভিন্ন পদ্ধতি অনুসরণ করলে দেশের যেকোনো প্রান্তে যাতায়াতকারী মুসল্লিরা সহজেই তাদের খতম পূর্ণ করতে পারবেন।

মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিকে মুসল্লিদের সুবিধার্থে এ পরামর্শ বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।