বগুড়া-৩ আসনে ইসলামী আন্দোলন ও জাপা প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Printed Edition

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থীর মধ্যে দু’জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।

বগুড়া-৩ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৯ হাজার ১৮১ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন দুই লাখ ৪৩ হাজার ৭৯৪ জন। বাতিল ভোটের সংখ্যা চার হাজার ১৯৮টি। প্রদত্ত ভোটের হার ৭৩.১০ শতাংশ।

ফলাফলে দেখা যায়, চার প্রার্থীর মধ্যে প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলনের প্রার্থী শাহজাহান আলী তালুকদার। তিনি হাতপাখা প্রতীকে পেয়েছেন এক হাজার ৭৭১ ভোট। অপরজন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহিনুল ইসলাম। তিনি লাঙল প্রতীকে পেয়েছেন এক হাজার ৪৭৫ ভোট।

উল্লেখ্য, এবারের নির্বাচনে বগুড়া-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার এক লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নূর মোহাম্মাদ আবু তাহের পেয়েছেন এক লাখ ১১ হাজার ২৬ ভোট। ১৬ হাজার ৩৮০ ভোটে বিজয়ী হন ধানের শীষ প্রার্থী আব্দুল মহিত তালুকদার।