শীতের মিষ্টি রসে লুকানো নীরব হুমকি
Printed Edition
ডা: মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
বাংলাদেশের শীত যেন অন্য ঋতুগুলো থেকে আলাদা। কুয়াশা, ধোঁয়াটে রোদ, পিঠাপুলি ও খেজুরের রস সব মিলিয়ে শীতের দিনগুলো গ্রামবাংলার এক বিশেষ উৎসবের মতো। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামে খেজুর গাছের ব্যস্ততা দেখা যায়। গভীর রাতে গাছে চড়ে গাছি কলসি ঝুলান ভোরবেলায় সেই কলসিতে রস জমে। শীতের প্রথম উপহার তাজা কাঁচা খেজুরের রস। বহু মানুষ সরাসরি কলসি থেকে খেতে ভালোবাসেন, আবার কেউ জ্বাল দিয়ে গুড় বা পাটালি বানান। কিন্তু এ আনন্দের মধ্যেই লুকিয়ে থাকে এক অদৃশ্য হুমকি- নিপাহ ভাইরাস। প্রতি বছর শীত এলেই এটি মাথাচাড়া দিয়ে ওঠে এবং প্রধান বাহক হয়ে দাঁড়ায় খেজুরের রস।
নিপাহ ভাইরাস : কেন ভয়াবহ?
নিপাহ হলো জুনোটিক ভাইরাস, অর্থাৎ প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। প্রধান বাহক হলো ফলখেকো বাদুড়, যারা রাতের অন্ধকারে খেজুরের রস খায়, মুখ লাগায় এবং কখনো প্রস্রাব বা মলমূত্র ফেলে যায়। ফলে রস দূষিত হয়ে মানুষ আক্রান্ত হয়। মানুষের শরীরে ভাইরাস দ্রুত আক্রমণ করে। মস্তিষ্কে প্রদাহ, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত এবং ফুসফুসে মারাত্মক সংক্রমণ ঘটায়। বাংলাদেশের অভিজ্ঞতা দেখাচ্ছে- মৃত্যুহার প্রায় ৭০%, যা অত্যন্ত ভয়ঙ্কর। টিকা বা নির্দিষ্ট ওষুধ নেই। একমাত্র সুরক্ষা হলো প্রতিরোধ।
কাঁচা খেজুরের রস : সংক্রমণের উৎস
কাঁচা রসে সংক্রমণের প্রধান কারণগুলো হলো * বাদুড় কলসিতে মুখ লাগানো বা প্রস্রাব/মল ফেলা * আংশিক রস খেয়ে রেখে যাওয়া * লালা বা দেহ নিঃসরণ রসে মিশে যাওয়া। দেখতে সুস্থ ও সুস্বাদু হলেও রস অদৃশ্য জীবাণু বহন করে, যা জীবনসংহারী হতে পারে। অনেকেই বলেন, ‘ছোটবেলা থেকে খাচ্ছি, কিছু হয়নি।’ কিন্তু বিজ্ঞান বলছে যতদিন বাদুড়ের সংস্পর্শ থাকে, ঝুঁঁকি থেকে যায়।
নিপাহর লক্ষণ : সংক্রমণের ৫১৪ দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়। শুরুতে সাধারণ ভাইরাল সংক্রমণের মতো, তবে দ্রুত জটিলতা বাড়ে।
প্রাথমিক উপসগর্ : * হালকা বা উচ্চ জ্বর * মাথা ও গলা ব্যথা * বমি, শরীর ব্যথা * অবসন্নতা ও দুর্বলতা।
গুরুতর উপসর্গ : * শ্বাসকষ্ট, নিউমোনিয়া * আচরণ পরিবর্তন, বিভ্রান্তি, অস্বাভাবিক ঝিমুনি *খিঁচুনি, এনসেফ্যালাইটিস। এ ধাপগুলো দ্রুত এগোয়, তাই রোগীকে দেরি না করে হাসপাতালে নেয়া জরুরি।
জীবন রক্ষার ১০টি নিয়ম
১. কাঁচা খেজুরের রস এড়িয়ে চলুন; ফুটিয়ে বা জ্বাল দিয়ে খাওয়া নিরাপদ। ২. স্যাপ স্কার্ট ব্যবহার করুন; রস ঝরার স্থান ঢেকে রাখলে বাদুড়ের সংস্পর্শ কমে। ৩. পাস্তুরাইজড নয় এমন জুস এড়িয়ে চলুন। ৪. আক্রান্ত রোগীর কাছাকাছি গেলে সতর্ক থাকুন। ৫. নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করুন। ৬. অসুস্থ পশুপাখি থেকে দূরে থাকুন। ৭. পরিবার ও কমিউনিটিতে সচেতনতা বাড়ান; ভুল তথ্য দূর করুন। ৮. রস ফুটানোর সময় পর্যাপ্ত তাপ বজায় রাখুন; ৭০৮০ক্কঈ তাপমাত্রায় ভাইরাস নিষ্ক্রিয় হয়। ৯. উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যান।
রোগীর খাদ্য ও পরিচর্যা : তরল খাবার : পানি, ওআরএস, স্যুপ, সহজপাচ্য ও পুষ্টিকর খাবার : সাগু, বার্লি, সেদ্ধ ভাত, ডাবের পানি, লেবুপানি, কাপড় ও বিছানার চাদর আলাদা, রোগীর ব্যবহৃত জিনিস ব্যবহার করবেন না, প্রক্রিয়াজাত বা কোম্পানির তৈরি জুস দেয়া যাবে না।
মানুষের, আবেগ ও অভ্যাস সবচেয়ে বড় চ্যালেঞ্জ
বাংলাদেশে নিপাহ নিয়ন্ত্রণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের আবেগ, অভ্যাস ও সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা খাদ্যপ্রেম। খেজুরের রস আমাদের শীতের আনন্দ ও উৎসবের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। দীর্ঘদিনের অভ্যাস ও ছোটবেলার স্মৃতি মানুষের মধ্যে ঝুঁঁকি উপেক্ষার প্রবণতা তৈরি করে। কিন্তু প্রিয় অভ্যাস সবসময় নিরাপদ নয়। এক গ্লাস কাঁচা রস সুস্বাদু হতে পারে; কিন্তু তা জীবন-ঝুঁঁকির কারণও হতে পারে। আমাদের চ্যালেঞ্জ হলো সংস্কৃতি রক্ষা করা এবং একই সাথে জীবন রক্ষার জন্য সচেতন থাকা।
চ্যালেঞ্জ মোকাবেলার মূল বিষয়গুলো
সচেতনতা বৃদ্ধি : পরিবারের সবাইকে ভাইরাসের ঝুঁঁকি সম্পর্কে শিক্ষিত করা। অভ্যাস পরিবর্তন : ফুটিয়ে বা জ্বাল দেয়া ছাড়া কাঁচা রস গ্রহণ না করা। ভুল তথ্য দূরীকরণ : ছোটবেলায় খাওয়া ঝুঁঁকি নেই এমন ভুল ধারণা ভাঙা।
বিজ্ঞানসম্মত সতর্কতা : রস ঝরার স্থান ঢেকে রাখা, হাত ধোয়া, অসুস্থ পশুপাখি থেকে দূরে থাকা। নিপাহ নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ শুধু রোগ নয় এটি মানব সচেতনতা, সংস্কৃতি ও অভ্যাসের সাথে একটি যুদ্ধ। প্রিয় জিনিসের মধ্যে জীবন ঝুঁঁকি রয়েছে কি না, তা চিন্তা করে সচেতন সিদ্ধান্ত নেয়া, পরিবার ও সমাজকে রক্ষা করা দায়িত্ব।