টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৭ কিশোর
Printed Edition
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
ফটিকছড়িতে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাত কিশোর পুরস্কার হিসেবে পেয়েছে নতুন বাইসাইকেল। তরুণ সমাজকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ব্যতিক্রমী এই ‘নামাজ প্রতিযোগিতা’র আয়োজন করে হোসাইন ফাউন্ডেশন।
গতকাল সোমবার ফজর নামাজের পর উপজেলার সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্দাপুর বাইতুর রশিদ জামে মসজিদ প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মসজিদের আঙিনায় সারিবদ্ধভাবে সাজানো ছিল নতুন বাইসাইকেল, ফুটবল ও ক্রিকেট সামগ্রী- যা অংশগ্রহণকারীদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করে।
আয়োজক সূত্রে জানা গেছে, এলাকার তরুণ ও যুবসমাজকে দ্বীনের প্রতি আগ্রহী করে তোলা এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে উৎসাহিত করতেই ৪০ দিনব্যাপী এ কর্মসূচি নেয়া হয়। প্রতিযোগিতায় এলাকার সাতটি মসজিদ থেকে মোট ৩৭ জন কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায়ের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সাতজনের প্রত্যেককে একটি করে বাইসাইকেল দেয়া হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ১৪ জনকে ফুটবল, ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্পসহ ক্রীড়াসামগ্রী প্রদান করা হয়। এ ছাড়া বাকি ১৬ জন অংশগ্রহণকারীর প্রত্যেককে ৫০০ করে টাকা দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফাউন্ডেশন ও মসজিদ পরিচালনা কমিটির নেতারা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ তরুণদের নৈতিকতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।