ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে সিপিবির (এম) বিক্ষোভ

Printed Edition
3rd-3
জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবির (এম) নেতাকর্মীদের সমাবেশ

ভেনিজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসন এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের অভিযোগের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবির (এম) উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতির বক্তব্যে পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডা: এম এ সামাদ বলেন, আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক বিধিনিষেধ উপেক্ষা করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে অপহরণ করা সাম্রাজ্যবাদী আগ্রাসনের ভয়াবহ দৃষ্টান্ত। তিনি অভিযোগ করেন, ভেনিজুয়েলার বিপুল তেলসম্পদ দখলের লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। কমরেড সামাদ বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ ও অস্থিরতার মূল উৎস এই সাম্রাজ্যবাদী অপশক্তি।

তিনি জাতিসঙ্ঘের জরুরি হস্তক্ষেপ দাবি করেন এবং বিশ্বের শান্তিকামী মানুষকে এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে অবিলম্বে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে সসম্মানে মুক্তির দাবি জানান তিনি। কমরেড সামাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক মুফতি তালেবুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শাহীন আহমেদ, নারীবিষয়ক সম্পাদক কমরেড আখি, কমরেড জেসমিন আক্তারসহ অন্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিজ্ঞপ্তি।