গণভোট ও নির্বাচনী সচেতনতায় ধনবাড়ীতে মাঠে উপজেলা প্রশাসন
Printed Edition
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসন। সারা দেশের ন্যায় ধনবাড়ীতেও ভোটাধিকার সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যে পরিচালিত এ প্রচারণার মূল লক্ষ্য হলো ভোটাধিকার সম্পর্কে নাগরিকদের সচেতন করা, গণভোটের গুরুত্ব তুলে ধরা এবং সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ গড়ে তোলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত সুপার কারভ্যান বহরের ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এ বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। এসব প্রদর্শনীতে গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
তিনি বলেন, ‘এ ধরনের সরকারি উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে আগ্রহ বাড়াতে সহায়ক হবে। বিশেষ করে তরুণ ভোটারদের ভোটে অংশগ্রহণ বাড়াতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।’ তিনি আরো জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ‘ভোটের গাড়ি’ উপজেলা শহর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রচারণা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা অব্যাহত রয়েছে।
উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান, ধনবাড়ী পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর বিশ্বনাথ ভদ্র, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ধনবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক নিরঞ্জন দাস, মুশুদ্দি রেজিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেশব চন্দ্র দাসসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা।