জিসিসির জরুরি বৈঠকে যোগ দেয়নি ওমান
Printed Edition
আলজাজিরা
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো সরাসরি জরুরি বৈঠকে বসেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ-জিসিসিভুক্ত দেশগুলো। এরই মধ্যে সৌদি আরবের জেদ্দায় জরুরি বৈঠকে যোগ দিতে জড়ো হয়েছেন উপসাগরীয় দেশগুলোর নেতারা। তবে এই বৈঠকে যোগ দেয়নি ওমান; কিন্তু দেশটি কয়েক দিন আগেই ইরানের সাথে আলাদা বৈঠক করেছে।
বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গত ২৮ ফেব্রুয়ারি থেকে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইরান যে সামরিক হুমকি তৈরি করেছে, তার জবাবে জিসিসি দেশগুলো কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা। একই সাথে আলোচনায় উঠে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়টি। এই প্রণালী দিয়েই প্রায় প্রতিটি জিসিসি দেশ তাদের হাইড্রোকার্বন, তেল, গ্যাস, অ্যামোনিয়া, হিলিয়ামসহ বৈশ্বিক অর্থনীতির জন্য অপরিহার্য নানা পণ্য বাজারে পাঠায়।
জেদ্দার এই বৈঠক এমন একসময়ে হচ্ছে, যখন জোটভুক্ত দেশ সংযুক্ত আরব আমিরাতের সরকার ঘোষণা দিয়েছে, তারা ১ মে থেকে তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ও ওপেক প্লাস ছেড়ে দেবে।